মুস্তফা কামালের নামই যাচ্ছে আইসিসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি পরিচালনা পর্ষদের সভায় পূর্বানুমানটাই সত্যি হলো। আইসিসির পরবর্তী সহসভাপতি হিসেবে বাংলাদেশ থেকে বিসিবির বর্তমান সভাপতি আ হ ম মুস্তফা কামালের নাম প্রস্তাব করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে কাল বোর্ড সভায়।সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস প্রধান নির্বাহী মনজুর আহমেদকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১২ সালের আইসিসি সহসভাপতি ও ২০১৪ সালের সভাপতি হিসেবে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের নাম অনুমোদন করেছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে।’ জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ থেকে মুস্তফা কামাল ছাড়া এই পদের জন্য আর কোনো প্রার্থী ছিলেন না এবং সরকারের সম্মতি নিয়েই কালকের বোর্ড সভাটি ডেকেছিলেন সভাপতি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের সমর্থন জানিয়েছে মুস্তফা কামালকে।দুই বোর্ডের সমর্থন পাওয়ার পর এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে মুস্তফা কামালই আইসিসির সহসভাপতি পদের একমাত্র মনোনীত প্রার্থী। তবে সহসভাপতি হওয়ার জন্য আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভায় কমপক্ষে সাতটি দেশের ভোট পেতে হবে মুস্তফা কামালকে। আইসিসির সভায় অনুমোদিত হলে ২০১২ সালের ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য আইসিসির সহসভাপতি হবেন মুস্তফা কামাল। ২০১৪ সালের ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য হবেন আইসিসির সভাপতি।