মুহূর্তেই বাফুফের ‘পাল্টি’
ঘণ্টা দুয়েকের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট।এখন থেকে কোনো ম্যাচ পাতানো সন্দেহ হলেই সংশ্লিষ্ট সব পক্ষকে শাস্তি দেওয়া হবে—কাল বাফুফের নির্বাহী কমিটি এই আইন পাস করেছিল। এটি আলোয় আসার পর থেকেই ওঠা সমালোচনার ঝড়ের মুখে বাফুফে থেকে খুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে।বাফুফের কাজ, অকাট্য প্রমাণ জোগাড় করে পাতানো খেলার শাস্তি দেওয়া। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে কি শাস্তি দেওয়া যায়? কেউ পরে নির্দোষ প্রমাণিত হলে কী হবে? কাল সাড়ে চার ঘণ্টা লম্বা বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব প্রশ্ন স্থান পায়নি। কর্মকর্তাদের মনে প্রাসঙ্গিক প্রশ্নটা আসেনি। তাই সভার পর জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলতে পারলেন, ‘পাতানো সন্দেহ হলেও সংশ্লিষ্টদের আর্থিক দণ্ড, নিষেধাজ্ঞা, স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করব আমরা। আজ (কাল) অনুমোদিত নতুন বাইলজে এসব রাখা হয়েছে।’পাতানো খেলা হয়েছে, এটা কে সন্দেহ করবে? সালামের উত্তর ছিল, ‘লিগ কমিটি সন্দেহ করলে...।’ লিগ কমিটির কর্তারা অবশ্য মাঠেই যান না (গত এপ্রিলের পর কমিটিতে কো-চেয়ারম্যান হয়ে ঢোকা আবদুর রহিম মাঠে যেতেন, সেটা ব্যতিক্রমই)। ‘এখন থেকে লিগ কমিটির সদস্যরা খেলা দেখবেন’—সালামের এ কথায় আস্থা রাখা গেলেও প্রশ্ন উঠেছিল, শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়ার অধিকার লিগ কমিটি রাখে কি?পাতানো খেলা বন্ধ করার সদিচ্ছা বাফুফে এখনো দেখাতে পারেনি। গত মৌসুমের আগের মৌসুমে শেখ জামাল-রহমতগঞ্জকে পাতানো খেলার অভিযোগে আর্থিক জরিমানা করা হলেও দুই দলের পয়েন্ট কাটা হয়নি। এবার ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ নিয়ে ওঠা অভিযোগের সমাধান হয়েছে তিন মাস পর! তা-ও তদন্তের নামে প্রহসন হয়েছে মনে করেন প্রায় সবাই।এমনকি গত মৌসুমে ব্রাদার্স-শেখ জামাল ম্যাচ নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি আজও হয়নি। তদন্ত নাকি চলছে। সম্প্রতি একটি টিভি চ্যানেলে ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেছেন, তাঁর দল এবার রাজনৈতিক চাপে আবাহনীকে ম্যাচ ছেড়েছে। টিভি ক্যামেরার সামনে স্পষ্ট বলেও পরে তিনি তা অস্বীকার করেছেন। এ ব্যাপারটা নিয়েও তদন্ত দৃশ্যমান নয়।এ অবস্থায় পাতানো ম্যাচ নিয়ে দুটি অভিযোগের সুরাহা না করেই গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল কাল অনুমোদন করেছে বাফুফের নির্বাহী কমিটি। তাহলে কোনো দল তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের ভাগ্যে কী ঘটবে? এসব প্রাসঙ্গিক প্রশ্নে সালামের দায়সারা জবাব, ‘তখন বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’এ ছাড়া বাফুফের নেওয়া উল্লেখযোগ্য সিদ্ধান্ত—এখন থেকে পেশাদার লিগের দলগুলোর অনূর্ধ্ব-১৬ দল থাকা বাধ্যতামূলক। ওই দলগুলোকে নিয়ে এবার একটি টুর্নামেন্ট হবে। যদিও পেশাদার লিগের দলগুলোর জন্য অনূর্ধ্ব-১৬ দল রাখার নিয়ম আগেও ছিল। কেউ তা মানেনি। তবে দেরিতে হলেও এবার কড়াকড়ি আরোপ প্রশংসার দাবি রাখে।পেশাদার লিগের দ্বিতীয় স্তরে অন্তত একজন নতুন খেলোয়াড় নিবন্ধনও বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে করতে হবে আরেকটি কাজ। প্রদর্শনী বা কোনো প্রতিযোগিতার বাছাইপর্বে খেলার ৪৮ ঘণ্টা এবং বড় টুর্নামেন্টের ১৪ দিন আগে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়তে হবে। বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা আসন্ন মৌসুম থেকে ম্যাচ চলাকালে কোনো দলের সঙ্গে ডাগ-আউটে থাকতে পারবেন না। সমাধান খোঁজা হয়েছে আরেকটি জটিলতার। পেশাদার লিগে পয়েন্ট সমান হলে এখন থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্লে-অফ ম্যাচ।তবে পাতানো খেলার শাস্তি প্রত্যাহার চেয়ে গোলরক্ষক ইরান শেখের করা আবেদন গৃহীত হয়নি। ফেডারেশনের আপিল কমিটিতে আবেদন করার সুযোগ অবশ্য তাঁর আছে।