মুয়াম্বা ফিরলেও ভেঙ্কটেশ ফিরলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে লাখ লাখ ভক্তের ভালোবাসার জোরেই কি বেঁচে গেলেন ফ্যাব্রিস মুয়াম্বা? সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহামের বিপক্ষে ম্যাচ চলাকালেই হার্ট অ্যাটাক হয়েছিল বোল্টনের ফুটবলার মুয়াম্বার। অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন মাঠে। পরিত্যক্ত হয়েছিল ম্যাচটি। মাঠ থেকে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। প্রায় ৭৮ মিনিট পুরো নিঃসাড় ছিলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। কার্যত নাকি মৃতই ছিলেন মুয়াম্বা। চিকিৎসকেরাই বলছেন সেটা। পুরোপুরি সুস্থ হতে হয়তো সময় লাগবে। কিন্তু মুয়াম্বার যে জ্ঞান ফিরেছে, অল্পবিস্তর কথাও বলতে পারছেন তাতেই বিস্মিত চিকিৎসকেরা। তাঁদের কাছে এটি ‘অলৌকিক’ ঘটনা।তবে মুয়াম্বার মতো ভাগ্যের ছোঁয়া পাননি ভারতের ফুটবলার ডি ভেঙ্কটেশ। পরশু বেঙ্গালুরুর জেলা পর্যায়ের লিগে খেলার সময় মাঠে অসুস্থ হয়ে পড়ে যান ২৭ বছরের ভেঙ্কটেশ। অ্যাম্বুলেন্স না পাওয়ায় সতীর্থরা অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এএফপি, রয়টার্স।