মূত্রকাণ্ডের ঘটনায় অনুতপ্ত পানেসার

ঘটনা গত মাসের প্রথম সপ্তাহে। সাসেক্স-ডার্বিশায়ারের ম্যাচ শেষে মন্টি পানেসার গিয়েছিলেন পানশালায়। পেটে বুঝি একটু বেশিই পড়েছিল! কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করলে নিরাপত্তা রক্ষীরা এসে ইংলিশ স্পিনারকে বেরিয়ে যেতে বলেন। ‘অপমান’টা সহ্য করতে পারেননি ৩১ বছর বয়সী পানেসার। আচমকা দারোয়ানের গায়ে মূত্রত্যাগ করেই দে দৌড়! নিরাপত্তা রক্ষীও নাছোড়, পিছু পিছু অনেকটা দৌড়ে এক পিত্জা পারলারে গিয়ে পানেসারকে ধরে তুলে দেন পুলিশের হাতে। ৯০ পাউন্ড জরিমানা দিয়ে তবেই রক্ষে!
পানেসারের অবাক মূত্রকাণ্ডে হইচই শুরু হয়েছিল। এত দিন পর ইংলিশ স্পিনার স্বীকার করলেন, মূত্রকাণ্ডের ঘটনায় তিনি অনুতপ্ত। তবে সেটা ইচ্ছাকৃত ছিল না বলেই দাবি তাঁর, ‘আমি জানি, সেটা ভয়ংকর কাজ ছিল। হ্যাঁ, আমি প্রচুর মদ পান করেছিলাম। তবে লোকে যতটা ভাবছে, ততটা মাতাল ছিলাম না। সত্যি বলতে, ওদের ওপর বা ওদের কাছাকাছি মূত্রত্যাগ করার ইচ্ছা আমার ছিল না। পরের দিন ঘুম থেকে উঠেই আমার মনে হলো, কী করেছি আমি?’
ওই ঘটনায় নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন বলেও ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের কাছে স্বীকার করেন পানেসার, ‘প্রথম দিকে মনে হয়েছিল, আমি বোধ হয় ইংল্যান্ড ক্যারিয়ারকে ছুড়ে ফেলে দিয়েছি, হয়তো গোটা ক্রিকেট ক্যারিয়ারকেই। খুব অসহায় আর একাকী লাগছিল। সেটা ছিল আমার জন্য খুবই দুঃসময়।’
দুঃসময়ই বটে। তবে সেটা শুধুই মূত্রকাণ্ডের জন্য নয়। সেই দুঃসময়টা এখনো কাটেনি। নৈশক্লাবে মূত্রকাণ্ডের পর বাজে ফর্মের কারণে অ্যাশেজের কোনো টেস্টেই খেলার সুযোগ পাননি। এরই মধ্যে কাউন্টি দল সাসেক্স তাঁকে ছেড়ে দিয়েছে। এই দুঃসময়ে যিনি পাশে থাকতে পারতেন, তিনিও তাঁকে ছেড়ে চলে গেছেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। এত কিছুর মধ্যে সম্প্রতি আবারও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন পানেসার। কাউন্টি ক্রিকেটে প্রতিপক্ষের সঙ্গে মারমুখী আচরণ করায় এ সপ্তাহে নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য। নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন পানেসার।