মূর্তি থেকে বাস্তবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়র্কশায়ারের বার্নসলি মূলত শিল্পশহর, খ্যাতি আছে কয়লাখনির জন্যও। পর্যটকদের আকর্ষণ করার মতো খুব বেশি কিছু নেই। হাতেগোনা যে কয়টি আছে, তার মধ্যে প্রথম দিকেই আছে একটি মানবমূর্তি। চিরপরিচিত ভঙ্গিতে আঙুল তুলে দাঁড়িয়ে আছেন ডিকি বার্ড! কিংবদন্তি আম্পায়ার, এটা তো অবশ্যই সবচেয়ে বড় কারণ। শিল্পমানের দিক থেকেও গ্রাহাম ইবেসনের কাজটা হয়েছে দারুণ।পরশু লিভারপুল থেকে বাসে করে একদল পর্যটক বার্নসলি এসে প্রথমেই গেলেন ‘বার্ডের’ কাছে। ছবি-টবি তুলতে ব্যস্ত সবাই। হঠাৎ যেন মূর্তি থেকে বেরিয়ে এলেন জ্যান্ত ডিকি বার্ড! অনেকে ভাবলেন দৃষ্টিভ্রম, কিন্তু চোখ-টোখ কচলানোর পরও দেখা গেল সত্যি সত্যি আঙুল তুলে তাকিয়ে আছেন আসল ডিকি বার্ড!ঘটনা হলো, ওই সময়ই গাড়ি করে পাশ দিয়ে যাচ্ছিলেন ডিকি বার্ড। ৬৬ টেস্ট ও ৬৯ ওয়ানডে পরিচালনা করা আম্পায়ার থাকেন এই শহরেই। তাঁর মূর্তির পাশে পর্যটকদের উল্লাস দেখে নেমে গেলেন। মূর্তির মানুষটিকে বাস্তবে দেখার পর কেমন অনুভূতি হলো সবার? শুনুন বার্ডের কণ্ঠেই, ‘আমাকে দেখেই ওরা চিনে ফেলল, সবাই যেন পাগল হয়ে গেল...।’ ভক্তদের ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়ে গেলেন বার্ড, যে এক দিনের জন্য হয়ে গেলেন ট্যুর গাইড! সারা দিন ধরে শহরের সব দর্শনীয় জায়গা ঘুরে দেখালেন ওই পর্যটকদের, সঙ্গ দিলেন শপিংয়ের সময়ও। ভ্রমণটা আরও আনন্দময় হলো তাঁদের, আর একঘেয়ে অবসর জীবনের একটা দিন অন্য রকম হলো ৭৮ বছর বয়সী বার্ডের জন্য। ওয়েবসাইট।