মূল একাদশেও থাকছেন তেভেজ
এক মাস আগেও আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশনে জায়গা পাবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন কার্লোস তেভেজ। কিন্তু মূল আসর শুরু হওয়ার সময় একেবারে চূড়ান্ত একাদশেই ঢুকে পড়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁকে নিয়েই আগামীকাল বলিভিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক আর্জেন্টিনা।গতকাল বৃহস্পতিবার মূল একাদশ ঘোষণা করার পর এক সংবাদ সম্মেলনে কোচ সার্জিও বাতিস্তা বলেছেন, ‘তেভেজকে দলে রাখা হয়েছে, কারণ মেসির সঙ্গে জুটিটা সেই ভালো বাঁধতে পারবে।’ ম্যানচেস্টার সিটির এ অধিনায়ককে সুযোগ দেওয়ার জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। তবে বিপুলসংখ্যক মানুষের দাবি বা গণমাধ্যমগুলোর চাপে তেভেজকে চূড়ান্ত দলে রাখা হয়নি বলেও জানিয়েছেন বাতিস্তা। তিনি বলেছেন, ‘আমি কারও দাবি বা চাপের মুখে এ সিদ্ধান্ত নিইনি। তেভেজকে দলে নেওয়া হয়েছে কারণ আমি মনে করেছি যে জাতীয় দলের হয়ে সে ভালো করতে পারে। সে নিজেই এ জায়গাটা করে নিয়েছে।’মেসিকে কেন্দ্রে রেখেই আর্জেন্টিনার মূল রণকৌশল সাজিয়েছেন বাতিস্তা। তবে তাঁকে যদি বলিভিয়ান ফুটবলাররা খুব বেশি আটকে রাখার চেষ্টা করে তাহলে বল নিয়ন্ত্রণের দায়িত্বটা অন্য কাউকে নিতে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেছেন, ‘মেসিকে যদি খুব বেশি ঘিরে রাখা হয়, তাহলে আমাদের দ্বিতীয় পরিকল্পনার কথা ভাবতে হবে। অন্য কাউকে তখন মূল জায়গার দায়িত্বটা নিয়ে নিতে হবে। আমি মনে করি, মেসি তার খেলাটা উপভোগ করতে পারবে। সে একজন অসাধারণ খেলোয়াড়। আমরা এ দলটা তাকে কেন্দ্রে রেখেই বানিয়েছি। আশা করছি এই কোপা আমেরিকাটা তারই হবে।’আর্জেন্টিনা দল—সার্জিও রোমেরো, জাভিয়ের জেনেত্তি, নিকোলাস বুরদিসো, গ্রাবিয়েল মিলিতো, মারকোস রোজো, এভার বানেগা, জাভিয়ের মাচেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, ইজেকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি ও কার্লোস তেভেজ। রয়টার্স।