মূল খেলোয়াড়দের ছাড়াই শুরু হচ্ছে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসবেন ১০ জুন। কিন্তু তত দিন তো আর বসে থাকা যাবে না। তিন ওয়ানডের ভারত সিরিজ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে যাবে আজ থেকেই। ক্যাম্প হবে ভারত সিরিজে দলের সহকারী কোচ সরওয়ার ইমরানের তত্ত্বাবধানে।
একসময় জাতীয় দলের মূল কোচেরই দায়িত্ব পালন করেছেন সরওয়ার ইমরান। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ছিলেন ভারপ্রাপ্ত কোচ। এ ছাড়া সহকারী কোচের দায়িত্বে ছিলেন অনেকবারই। সর্বশেষ জাতীয় দলের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১০ এশিয়া কাপে, বোলিং কোচ হিসেবে। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবদলের কোচ থাকার পর জাতীয় পর্যায়ের আর কোনো দলের দায়িত্ব দেওয়া হয়নি অভিজ্ঞ এই কোচকে।
হোক একটা সিরিজের জন্য, নতুন করে আবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে উজ্জীবিত সরওয়ার ইমরান। তবে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাইলেন শুরুতেই, ‘সিরিজের আগে আমি খুব অল্প সময় কাজ করার সুযোগ পাব। এত অল্প সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো কোনো কোচের পক্ষে সম্ভব নয়। ছেলেরা যদি ভালো খেলে, সেই কৃতিত্ব সম্পূর্ণ তাদেরই হবে।’
হতে পারে অল্প সময়ের জন্য, হতে পারে সহকারী কোচেরই দায়িত্ব পালন করবেন, কিন্তু সরওয়ার ইমরান এমন একটা দলের দায়িত্ব নিচ্ছেন, যারা মাত্রই পেরিয়ে এসেছে দুঃস্বপ্নের পথ। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যর্থতা ‘উপহার’ দেওয়া মুশফিকুর রহিমের দলের জন্য ভারত সিরিজ নিজেদের ফিরে পাওয়ার লড়াই।
নতুন কোচ হাথুরুসিংহে বা নতুন বোলিং কোচ-ট্রেনাররা সিরিজের ঠিক আগ মুহূর্তে দায়িত্ব নেবেন । দলের সবার সঙ্গে সিরিজের আগে হয়তো ঠিকভাবে পরিচিত হওয়ারও সুযোগ পাবেন না তাঁরা। এই পরিস্থিতিতে সহকারী কোচের দায়িত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। সরওয়ার ইমরান সেটার জন্যও প্রস্তুতও, ‘আমার মূল কাজ হবে দলটাকে একতাবদ্ধ করা, সবাই যেন একটা দল হয়ে খেলে সেটা নিশ্চিত করা। টেকনিক্যাল ও শারীরিক দক্ষতা নিয়ে বেশি সময় নষ্ট না করে আমি মূলত ট্যাকটিক্যাল এবং মানসিক দিকগুলো নিয়েই কাজ করার চেষ্টা করব।’ প্রথম দুই দিন ফিটনেস টেস্ট আর জিম ওয়ার্ক করার পর ব্যাট-বলের অনুশীলন শুরু হবে আগামী পরশু থেকে।
ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা হলেও ক্যাম্পের শুরু থেকে সবাই থাকছেন না। নাসির হোসেন, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক ও সোহাগ গাজী ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আইপিএলে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। আর ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশের বাইরে থাকায় অনুশীলনের শুরুর দিকে থাকবেন না অধিনায়ক মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও। ছুটি শেষে আগামী ৩০ জুন অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁদের।
প্রাথমিক দলে না থাকলেও বাংলাদেশ দলের নেট প্র্যাকটিসে দেখা যাবে লেগ স্পিনার নূর হোসেনকে৷ আসন্ন সিরিজে ভারতীয় দলের সঙ্গে থাকতে পারেন লেগ স্পিনার অমিত মিশ্র। মূলত তাঁর কথা ভেবেই নেটে ব্যাটসম্যানদের সামনে একজন লেগ স্পিনার রাখা।