পরশু ওভালের দর্শকেরা আসল নায়ককে প্রাপ্য সম্মানটা দিতে যেন কুণ্ঠিত ছিল। নইলে মাইকেল ক্লার্ক কেন দুয়ো শুনবেন?আলোকস্বল্পতা চার ওভার বাকি থাকতেই চরম নাটকীয় টেস্টটার শেষ টেনে দিল। লাইটমিটার দেখে দুই আম্পায়ার যখন খেলা বন্ধ করলেন, হাতে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ২১ রান। দর্শকদের মন খারাপ হতেই পারে। তাই বলে ক্লার্ককে দুয়ো! দর্শক ভুলে গেলেন ক্লার্কের কারণেই শেষের এই উত্তেজনা। অস্ট্রেলীয় অধিনায়কের সাহসী ইনিংস ঘোষণার কারণেই তো প্রাণ পেয়েছে মরা ম্যাচটা। হার যখন হাতছোঁয়া দূরত্বে, তখন তো ক্লার্ক আম্পায়ারদের প্ররোচিত করবেনই খেলা শেষ করে দিতে। হারতে কে চায়? তা ছাড়া এই সিরিজেই এর আগে এর চেয়ে বেশি আলোতেও খেলা হয়নি। সুতরাং বেশি খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে ৪-০ পরাজয় কেন মানতে চাইবেন?দর্শক ভুলে গেলেও মাইক আথারটন ভোলেননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করলেন, তিনি ভেবেছিলেন দর্শক ঠিক উল্টে কাজটাই করবে, ‘ইনিংস ঘোষণা করে সবাইকে দারুণ একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য দিন শেষে ধন্যবাদ প্রাপ্য ছিল ক্লার্কের।’দর্শক তখনো হইচই করছে, ক্লার্কও দুঃখ প্রকাশ করলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, চেষ্টা করেছি প্রতিদ্বন্দ্বিতা উপহার দেওয়ার। দুর্ভাগ্য স্থানীয় দর্শকেরা (সমালোচনা করল)।’ তবে ইংলিশ দর্শকদের প্রতি অতটা কঠোরও হননি ক্লার্ক, বললেন এই পরিস্থিতিতে পড়লে ‘অস্ট্রেলিয়ার সমর্থকেরাও হয়তো একই আচরণ করত।’ক্লার্ককে কথা বলতে হলো আম্পায়ার আলিম দারকে নিয়েও। খেলা বন্ধ হওয়ার খানিক আগে যখন অস্ট্রেলীয় অধিনায়ক আম্পায়ারকে লাইটমিটার দেখতে বলেন, তখন দেখা যায় দার হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন তাঁকে। ক্লার্কও তখন কিছু একটা বলছিলেন। সেটাই পরে ব্যাখ্যা করলেন, ‘ঠিক কী বলছিলাম মনে নেই। মনে আছে আলিম আমাকে স্পর্শ করল, আমি তখন ভদ্রভাবে তাকে হাত সরাতে বললাম কারণ আমি তাঁকে ছুঁলেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারতাম।’দর্শকদের মতো ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক হতাশ হলেও আম্পায়ারদের নিয়ে কোনো বিরাগ দেখাননি, ‘হতাশাটা বুঝি, তবে আপনাকে অপর পক্ষের অনুভূতিটাও বুঝতে হবে, বুঝতে হবে আইন-কানুনও। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময়ই আম্পায়ারদের আবেগের ঊর্ধ্বে উঠে কাজ করতে হয়।’ কুক এটাও বলেছেন, অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে পড়লে আম্পায়ারকে একই অনুরোধ তিনিও করতেন।হতে হতেও প্রথমবারের মতো ৪-০-তে অ্যশেজ জয় হলো না। তবে ইংল্যান্ড যা করেছে সেটাই বা কম কিসে। ১৯৭৭ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে সিরিজের কোনো ম্যাচ জিততে দিল না ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে জয়, টানা তিনটি অ্যাশেজজয়ী ইংল্যান্ড ভারতকে টপকে উঠে এসেছে র্যাঙ্কিংয়ের দুইয়ে। ইংল্যান্ডের মতো সমান ১১৬ রেটিং পয়েন্ট ভারতেরও, তবে ভগ্নাংশ ব্যবধানে পেছনে তারা। অন্যদিকে সিরিজ হেরে দুই বছর পর অস্ট্রেলিয়া আবার নেমে গেছে পঞ্চম স্থানে। ১৩৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে দক্ষিণ আফ্রিকা। অ্যাশেজ শেষ। এবার অপেক্ষা টি-টোয়েন্টি ও ওয়ানডের। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৬ সেপ্টেম্বর থেকে। এএফপি, ওয়েবসাইট। অ্যাশেজের সেরা ৫ ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০ইয়ান বেল ৫ ৫৬২ ১১৩ ৬২.৪৪ ৩/২শেন ওয়াটসন ৫ ৪১৮ ১৭৬ ৪১.৮০ ১/১কেভিন পিটারসেন ৫ ৩৮৮ ১১৩ ৩৮.৮০ ১/৩মাইকেল ক্লার্ক ৫ ৩৮১ ১৮৭ ৪৭.৬২ ১/১ক্রিস রজার্স ৫ ৩৬৭ ১১০ ৪০.৭৭ ১/১বোলার ওভার উইকেট সেরা গড় ৫/১০ উই.গ্রায়েম সোয়ান ২৪৯ ২৬ ৫/৪৪ ২৯.০৩ ২/০রায়ান হ্যারিস ১৬২.১ ২৪ ৭/১১৭ ১৯.৫৮ ২/০ক্রিস ব্রড ১৮৫.৫ ২২ ৬/৫০ ২৭.৪৫ ২/১জেমস অ্যান্ডারসন ২০৫.৪ ২২ ৫/৭৩ ২৯.৫৯ ২/১পিটার সিডল ১৮৯.৫ ১৭ ৫/৫০ ৩১.৫৮ ১/০