মূল পর্বেই সুযোগ পেল বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে মাঠে নামার আগেই একটা জয় পেল বিজেএমসি। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে নয়, মূল পর্বেই খেলবে তারা। বাফুফের বাংলাদেশ লিগ কমিটি বিজেএমসির আবেদনে সাড়া দেয়নি প্রথমে। সরকারি এই সংস্থাকে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিজেএমসি মূল পর্বে খেলার দাবি জানায় এবং তা নিয়ে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে দেনদরবার করে দাবিটা আদায় করে নিয়েছে।এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য কাল বিজেএমসির পরিচালক জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়কে ডেকে পাঠিয়েছিলেন বাফুফের সভাপতি। ঠিক এর আগে সাংবাদিকদের কাজী সালাউদ্দিন বলেন, ‘বিজেএমসিকে আমরা অনুমতি দিয়েছি। ওরা মূল পর্বেই খেলবে।’আলফাজ, আবুল, পারভেজ, সোহেলসহ দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গড়ছে বিজেএমসি। এই খেলোয়াড়েরা দ্বিতীয় স্তরে খেলবেন না—বিজেএমসির অন্যতম এই যুক্তি মেনে নিজেদের অবস্থান থেকে সরে গেছে লিগ কমিটি। অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে।প্রশ্ন হলো, শর্ত পূরণ করা হলে লিগ কমিটি আগে অনুমতি দেয়নি কেন? আর শর্ত পূরণ না হলে এখন কেন অনুমতি দেওয়া হলো? আসলে ফেডারেশনের ইচ্ছা-অনিচ্ছাই এখানে বড় বলে মন্তব্য করলেন এক সংগঠক।