
‘সাঙ্গা’...বলে ছোট্ট করে একটি নিঃশ্বাস ফেললেন মিসবাহ-উল-হক। ব্যাটিংয়ের মতো কথা বলার ধরনেও মিসবাহ ধীরে বহতা নদী। এমনকি দ্বাররুদ্ধ টিম মিটিংয়েও উছলায় না নদীর পানি। চেনা ঢঙেই পাকিস্তান অধিনায়ক বললেন, ‘পাকিস্তান আর শিরোপার মাঝে মূল বাধা সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে রান পায়নি, ল অব অ্যাভারেজের ধাক্কাটা তাই কেটে গেছে ধরে নেওয়া যায়। সাঙ্গাকে দ্রুত ফেরাতে হবে...।’
অধিনায়কের মুখের কথা কেড়ে নিলেন বোলিং কোচ মোহাম্মদ আকরাম, ‘থিতু হয়ে গেলে সাঙ্গাকে থামানো কঠিন। ইনিংসের শুরুতেই ওকে ড্রাইভিং লেংথে বল করতে হবে অফ স্টাম্প ঘেঁষে। এই সময়টাতেই যা একটু আলগা থাকে সে...’, বলে তাকালেন উমর গুল ও মোহাম্মদ তালহার দিকে। এই দুই পেসারেরই সহজাত প্রবৃত্তি খাটো লেংথে বল করা। কিন্তু সাঙ্গার ক্ষেত্রে যে ওই লেংথ খুব একটা কার্যকর হবে না, মানলেন দুই পেসারও।
নোটবুকে কিসব আঁকিবুঁকি করছিলেন মঈন খান। এবার মুখ তুললেন পাকিস্তান কোচ, ‘কিন্তু সাঙ্গাকে উইকেটে আনতে তো আগে ওপেনিং জুটি ভাঙতে হবে!’ সবার দৃষ্টি এবার মোহাম্মদ হাফিজের দিকে। কোনো কথা অবশ্য হলো না, চোখের ভাষাতেই সবার বোঝা হয়ে গেল দুই বাঁহাতির বিপক্ষে আবারও নতুন বল হাফিজের হাতেই থাকবে। কাঁধ ঝাঁকিয়ে হাফিজও বুঝিয়ে দিলেন, আঁটসাঁট স্পিনে আটকে রাখবেন পেরেরা ও থিরিমান্নেকে। মঈন খান সরব আবার, ‘চান্ডিমাল, চতুরঙ্গ, প্রিয়াঞ্জনদের নিয়ে ওদের মিডল অর্ডার খুব ভালো নয়। টপ অর্ডার দ্রুত মুড়ে দিতে পারলে সব চাপ এসে পড়বে ম্যাথুসের ওপর। ফর্ম যতই ভালো হোক, চাপে সে ভেঙে পড়তে পারে।’ খানিকটা আনমনা হয়ে কী যেন ভাবছিলেন ‘প্রফেসর’ হাফিজ। সবাইকে জানালেনও ভাবনাটা, ‘মাহেলাকে ভুলে গেলে কিন্তু চলবে না। ফর্মে নেই, কিন্তু বড় ম্যাচে সব সময়ই জ্বলে ওঠে। ২০১১ বিশ্বকাপ ফাইনাল, ২০০৭ সেমিফাইনাল...।’ জয়াবর্ধনের জন্যও সাঙ্গাকারার চিকিৎসাই বাতলে দিলেন বোলিং কোচ। ইনিংসের শুরুতে বরং সাঙ্গার চেয়েও বেশি আলগা থাকেন জয়াবর্ধনে। প্রচুর ড্রাইভ খেলেন বলে শর্ট কাভারে একজন ফিল্ডার থাকবে সব সময়ই।
হালকা একটু কেশে সবার দৃষ্টি কেড়ে নিলেন আহমেদ শেহজাদ, ‘সাঙ্গাকে দ্রুত ফেরানোর মতো মালিঙ্গাকে সামলানোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।’ চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন ব্যাটিং উপদেষ্টা জহির আব্বাস, ‘প্রথম স্পেলে মালিঙ্গা বড়জোর ৩-৪ ওভার বোলিং করবে। ওই সময়টায় ওকে উইকেট দেওয়া চলবে না। পরে ব্যাটিং পাওয়ার প্লে ও শেষে যখন বোলিংয়ে আসবে আবার, তখন আমাদের হাতে অন্তত ৭-৮ উইকেট থাকতে হবে। শেহজাদ-হাফিজের অন্তত একজনকে ওই সময়ও থাকতে হবে উইকেটে।’ ব্যাটিং পজিশনের কারণেই হয়তো সোহেব মাকসুদের মনে পড়ল, ‘আর মেন্ডিস?’ জহির আব্বাসের দাওয়াই, ‘শুরু থেকেই একটু আক্রমণ করে খেললে মেন্ডিস খেই হারিয়ে ফেলে।’ ‘আর অতিপ্রাকৃত কিছু দরকার হলে, উপযুক্ত লোক তো আছেই’, শহীদ আফ্রিদির দিকে তাকিয়ে হাসলেন মিসবাহ।