মূল শত্রু ‘দ্য জোকার!’
‘স্পিনের জন্য দারুণ উইকেট। আমি জানতাম বাংলাদেশ দল স্পিনারে বোঝাই, কিন্তু আমার দলে কাজটা আমাকে একাই করতে হবে। ৩ উইকেট পেয়ে তাই আমি খুশি’—বলার সময় ঝলমল করছিল গ্রায়েম সোয়ানের চোখমুখ। বাংলাদেশের ১৩ জনের দলে স্পিনার পাঁচজন, প্রথম ওয়ানডেতে একাদশে ছিল যাঁদের চারজন। আর বাংলাদেশে মন্থরগতির উইকেট অপেক্ষা করছে জেনেও ইংল্যান্ড নিয়ে এসেছে দুই স্পিনার, একাদশে একমাত্র সোয়ান। ইংলিশরা তাতেই নিশ্চিন্ত। কেন, তা তো প্রমাণ হয়ে গেছে প্রথম ম্যাচেই। বাংলাদেশের চার স্পিনার মিলে ৪ উইকেট, সোয়ান একাই ৩টি। কিপটেমিতেও বাংলাদেশের সব স্পিনারের থেকে এগিয়ে।শুধু বাংলাদেশ বা এই স্লো-লো উইকেট বলেই নয়, সব ধরনের উইকেট আর কন্ডিশনেই সোয়ান ইংলিশদের কাছে এখন এমনই এক আস্থার নাম। ডাক নাম ‘জোকার’, কিন্তু প্রতিপক্ষের কাছে মোটেই তা নয়। মন্টি পানেসারের প্রায় হারিয়ে যাওয়াটাও ইংল্যান্ডের সেভাবে গায়ে লাগেনি সোয়ানের কারণেই।গত বছর টেস্টে নিয়েছেন ৬২ উইকেট, স্পিনারদের মধ্যে সর্বোচ্চ, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে ১৬ টেস্টে ৬৯ উইকেট। সফল ওয়ানডেতেও, ৩০ ওয়ানডেতে নিয়েছেন ৩৪ উইকেট। সোয়ানের কৃতিত্বটা বেড়ে যাবে আরেকটি তথ্যে, ১৬ টেস্টের ১১টিই খেলেছেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে। যেখানে স্পিনারদের জন্য সাহায্য কমই থাকে, ২টি শুধু ভারতে। ৩০ ওয়ানডের ৮টি ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে, বাকিগুলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে। নিজেদের শক্তির কথা ভেবে স্পিন-সহায়ক উইকেট বানিয়েছে বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষ দলে যে আছেন সোয়ান নামের একজন! প্রথম ম্যাচেই কিন্তু ‘জোকার’ জানিয়ে দিয়েছেন, এই সিরিজে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ। প্রথম ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডারটাকে ধসিয়ে দিয়েছেন তিনিই, কিন্তু মাঠের বাংলাদেশকে কিন্তু ভালোই লেগেছে তাঁর, ‘কাল (পরশু) তারা যেভাবে খেলেছে, দু-চার বছর আগে এতটা হয়তো আশা করা যেত না। দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে ওদের দলে। বাংলাদেশে আমি এই প্রথম, কিন্তু সত্যি বলছি ওদের খেলা আমার ভালো লেগেছে। বিশ্বের সেরা অলরাউন্ডার ওদের দলে। নিশ্চিতভাবেই ওরা উন্নতি করছে। ৩টি উইকেট তো তাড়াতাড়িই পড়ে গিয়েছিল, আরেকটা উইকেট হারালে ভালো বিপদেই পড়তাম। আমাদের ভাগ্য ভালো, পল কলিংউড দাঁড়িয়ে গেছে।’১২৫ রানের ইনিংসটির পথে একমাত্র সোয়ানই একটু ঝামেলায় ফেলতে পেরেছেন তামিম ইকবালকে। তাঁর ২৩ বল থেকে ১৩ রানের বেশি নিতে পারেননি তামিম। কিন্তু মাঠে থেকেই তো দেখেছেন তামিমের হাতে সতীর্থদের ধোলাই, এই বাঁহাতি ওপেনারকে দেখে বিস্মিত সোয়ান, ‘অবশ্যই সে দারুণ সম্ভাবনাময় এক খেলোয়াড়। আমি বুঝতেই পারিনি ওর বয়স মাত্র ১৯-২০, রাত্রে ওর সম্পর্কে পড়ে জানলাম। মাঠে নেমেই সে মাঠের সবদিকে সবাইকে মারতে শুরু করল। দ্রুত কয়েকটা উইকেট পড়ার পর আবার যেভাবে নিজের খেলাটা বদলে ফেলল...সত্যিই দারুণ একটা ইনিংস।’উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সেই সঙ্গে তামিম-বধের ছকটাও যে কেটে ফেলেছেন, নিশ্চিত সেটাও। উইকেট যে তাঁর মনে ধরেছে, সেটা যেমন মুখেও বলেছেন, মাঠেও প্রমাণ করেছেন। প্রথম ম্যাচের মতো পুরো সিরিজেই সোয়ানকে নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে। এই সিরিজে বাংলাদেশ দলেরই শত্রু নম্বর ওয়ান হতে যাচ্ছেন ‘দ্য জোকার!’