মৃত টিকি-টাকাও দীর্ঘজীবী হোক
শূন্য, বিহ্বল দৃষ্টি নিয়ে মাঠ ছাড়ছেন ইকার ক্যাসিয়াস। পাশে আন্দ্রেস ইনিয়েস্তা। জার্সিটা তুলে ইনিয়েস্তা মুখ মুছলেন। বেঞ্চে নিথর বসে জাভি হার্নান্দেজ। মারাকানায় গত পরশু সন্ধ্যা নাগাদ এই দৃশ্যটা কী প্রতীকী হয়েই না দেখা দিল!
চার বছর আগে জোহানেসবার্গের সকার সিটিতে এই ইনিয়েস্তার গোলেই মাথার ওপর বিশ্বকাপ ট্রফিটা তুলে ধরেছিলেন ক্যাসিয়াস। চার বছর পর তিনি রিক্ত, বিধ্বস্ত, পরাজিত এক মানুষ।
২০০৮ ইউরো জিতে ওড়ানো টিকি-টাকার পতাকা পতপত করে উড়েই চলেছে এর পর। ইউরোর পর বিশ্বকাপ, বিশ্বকাপের পর আরেকটি ইউরো...বল পায়ে রাখো, বল নিয়ে খেলো, ক্লান্তিহীন পাস খেলে যাও, খেলতে খেলতেই দেখবে কেমন ফাঁকফোকর বেরিয়ে যায় প্রতিপক্ষের রক্ষণের—এই দর্শনের সবচেয়ে বড় পতাকাবাহী ছিলেন জাভি। টিকি-টাকার অন্তিম সৎকারের দিনে সেই জাভির যে মাঠেই নামা হলো না, এটিও বোধ হয় প্রতীকী।
এই মারাকানা স্বপ্ন ভাঙে। ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের হাহাকার এই মাঠে এখনো ঘুরপাক খেয়ে মরে। ফুটবলের আশ্চর্য সুন্দর এক গল্পের নটে গাছটিও মুড়ালো সেই মারাকানাতেই। অথচ মারাকানায় শোক নেই! বরং সেটি আবেগে থরথর, উল্লাসে মাতোয়ারা। চিলিয়ানরা যে এটিকে ঘরের মাঠ বানিয়ে ফেলেছে!
গত দুই দিন রিওর রাস্তায়, মেট্রো স্টেশনে, কোপাকাবানায় থেকে থেকে একটাই চিৎকার—চি...লে, চি...লে! আমরা চিলি বানিয়ে নিয়েছি, অথচ চিলিয়ানরা নিজের দেশকে চিলে-ই বলে। রিওকে একটুকরো সান্তিয়াগো বানিয়ে ফেলা চিলিয়ানরা মিছিল করতে করতে মাঠে এল। যে স্পেনের বিপক্ষে আগের ১০টি ম্যাচে কোনো জয় নেই, সেই স্পেনকেই রাজা থেকে ভিখিরি বানিয়ে ফিরে গেল ‘ওলে, ওলে’ গাইতে গাইতে। রিওতে যাঁরা আছেন, তাঁদের তখন উৎসবের দেশ চিলিতে থাকতে ইচ্ছা করছে। চিলিতে যাঁরা আছেন, তাঁদের উৎসবের শহর রিওতে।
টানা দ্বিতীয় বিশ্বকাপে চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে বিদায়। সব মিলিয়ে বিশ্বকাপে পঞ্চমবার। কিন্তু আগেরগুলোর সঙ্গে এটির কোনো তুলনা চলে নাকি! চ্যাম্পিয়ন-ট্যাম্পিয়ন ভুলে যান, এসব নিছক অঙ্কের হিসাব। এই স্পেনেও অঙ্ক ছিল, তবে তা কবিতায় মোড়ানো। ছন্দ হারানো, অন্তঃমিল হারানো সেই কবিতার কঙ্কালটাই শুধু দেখা গেল এই বিশ্বকাপে। এ শুধু টানা দুই ম্যাচ হেরে এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন স্পেনের ছিটকে পড়া নয়। একটি যুগের অবসান। টিকি-টাকা নামে একটি ফুটবল-সভ্যতার বিলুপ্ত হয়ে যাওয়া।
স্পেন সর্বশেষ টানা দুটি ম্যাচ হেরেছিল সেই ২০০৬ সালে। প্রতিপক্ষ দুটি ফুটবলে এমন বড় কোনো নাম নয়—উত্তর আয়ারল্যান্ড ও সুইডেন। এর পর থেকে স্পেনের পরাজয়টাই খবর হয়েছে, জয় নয়। অথচ সেই স্পেনকে কাল কী জড়ভরতই না দেখাল! হল্যান্ডের কাছে অমন হারের জ্বলুনিতে কোথায় বাঁশি বাজতেই হই হই রই রই করে ঝাঁপিয়ে পড়বে, উল্টো ঝাঁপিয়ে পড়ল চিলিই। ৮০ সেকেন্ডের মধ্যেই দুবার কেঁপে উঠল স্পেনের গোলপোস্ট। সেই কাঁপুনি গোল হলো ২০ মিনিটে। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল। প্রথমার্ধেই তো খেলা শেষ!
বিরতির পর স্পেনও সুযোগ পেয়েছিল। ডিয়েগো কস্তা ও বুসকেটস যে পারলেন না, তাতে অবাক হওয়ার কিছু নেই। লা রোজাদের শরীরী ভাষাই যেন বলছিল—আমরা পারব না। আমাদের দিন শেষ। একসময় পাসের পর পাস খেলাটাকে যারা জলবৎ তরলং বানিয়ে ফেলেছিল, তারাই তিনটির জায়গায় চারটি পাস খেলতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দিল বল। একসময় ম্যাচের ৭০-৭৫ শতাংশ সময় বল পায়ে রাখাটা যাদের কাছে ছিল ছেলেখেলা, কাল ম্যাচ শেষের পরিসংখ্যান বলছে চিলিয়ানদের পায়েও বল ঘুরেছে ম্যাচের ৪৪ শতাংশ সময়। সবকিছুতেই বেলা শেষের গান।
স্পেনের স্বপ্নযাত্রার কান্ডারি ইকার ক্যাসিয়াস অন্তিম যাত্রাতেও পুরোভাগে। দ্বিতীয় গোলটিতে তাঁর দায় তো আছেই। আলেক্সিস সানচেজের ফ্রি-কিকটি এমন আনাড়ির মতো পাঞ্চ করলেন যে, সেটি গিয়ে পড়ল চার্লস আরানগুইজের পায়ে। মারাকানা শুধু টিকি-টাকার স্পেনেরই শেষ দেখল না, হয়তো ক্যাসিয়াসের শেষ আন্তর্জাতিক ম্যাচটিরও সাক্ষী হয়ে থাকল। নাকি আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিছকই নিয়মরক্ষার ম্যাচে ঘোষণা দিয়েই ক্যাসিয়াসকে শেষ করার সুযোগ দেবেন ভিসেন্তে দেল বস্ক? নামিয়ে দেবেন জাভিকেও? শেষ যাহা হবেই হবে, তারে সহজে হতে দাও শেষ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময় দেল বস্কের মুখে ওই গুঁফো হাসিটা আবার দেখা গেল। হাসিও এমন করুণ হয়! ক্যাসিয়াস-জাভির ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন হয়েছে। ‘এখনই এসব নিয়ে ভাবতে চাই না’ বলে এড়িয়ে গেছেন। তবে এ-ও বলেছেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন বিপর্যয়ের ফল তো ভোগ করতেই হয়। বিশ্লেষণ করে, সময় নিয়ে চিন্তা করে ঠিক করতে হবে স্প্যানিশ ফুটবলের জন্য কিসে ভালো হয়। তিনি নিজেও এই ভাবাভাবির ঊর্ধ্বে নন।
এত বছর মন রাঙিয়ে আসার পুরস্কারই হবে, সেই অর্থে আক্রমণাত্মক কোনো প্রশ্নই হলো না। অনেক প্রশ্নে বরং থাকল সহমর্মিতার ছোঁয়া। তার একটি এমন, স্পেনের রাজত্ব শেষ হওয়ার পর কি এখন লোকে স্পেনের মর্ম আরও ভালো করে বুঝতে পারবে?
চিলির কোচ হোর্হে সামপাওলিকে প্রায় সব প্রশ্নেরই শুরু অভিনন্দন জানিয়ে। এক আর্জেন্টাইন সাংবাদিক প্রশ্ন করার আগে জানিয়ে দিলেন, একজন আর্জেন্টাইন হিসেবে সামপাওলিকে নিয়ে তিনি কেমন গর্ব বোধ করছেন। স্পেন নিয়ে শেষ কথাটাও বোধ হয় সামপাওলিই বললেন, ‘ফুটবলে পরিবর্তন আসে। এটাই নিয়ম। স্পেন অনেক বছর খুব ভালো খেলে এসেছে। একটা প্রজন্ম অনেক দিয়েছে। এখন আর সেই সাফল্য ধরে রাখতে পারছে না। এটা অস্বাভাবিক কিছু নয়।’
হ্যাঁ, এটাই স্বাভাবিক। সবকিছুই একদিন না একদিন শেষ হয়। টিকি-টাকার দিনও হয়তো শেষ। যার আভাসও মিলছিল বেশ কিছুদিন ধরেই। তবে তাতে তো আর গত ছয় বছর মিথ্যা হয়ে যাচ্ছে না। মিথ্যা হয়ে যাচ্ছে না খেলাটিতে যোগ হওয়া অন্য মাত্রা। শক্তি আর গতির প্রদর্শনীর বদলে পেলব পরশ বুলিয়েও যে ফুটবলটা খেলা যায়, তা টিকি-টাকার স্পেনের চেয়ে ভালো আর কে দেখাতে পেরেছে!
টিকি-টাকা মৃত। টিকি-টাকা দীর্ঘজীবী হোক।