মৃত ব্যক্তিকে নিয়ে অ্যাডহক কমিটি!
ক্রীড়া ফেডারেশনের নির্বাহী কমিটির মেয়াদ শেষে নতুন নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচন না করে অ্যাডহক কমিটি গঠনের হিড়িক পড়েছে। কাবাডি, ভারোত্তোলনের পর সাইক্লিংয়ে অ্যাডহক কমিটি হয়েছে। কাল অ্যাডহক কমিটি পেল মহিলা ক্রীড়া সংস্থাও। আর এই অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে দেখা গেল আট বছর নিষিদ্ধ ব্যক্তি নিষেধাজ্ঞা ওঠার এক বছর আগেই ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বসে গেছেন।
সাইক্লিং ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ খান বাবুলকে বাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে পারভেজ হাসানকে। কাল গঠিত মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক কর্মকর্তা ও সাবেক অ্যাথলেট হামিদা বেগম। বাদ পড়েছেন আগের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা। এই সংস্থার সভানেত্রী পদে রাফিয়া আক্তার ডলির জায়গায় এসেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। কমিটির সদস্য পদে রাখা হয়েছে দেলোয়ারা রহমানকে, ক্যানসারে যিনি মারা গেছেন গত ২৫ জানুয়ারি।
এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘হামিদা বেগমের কাছে তালিকাটা যাচাই করতে দিয়েছিলাম আমরা। তিনি বলেছেন, সবাই বেঁচে আছে। তাই আমরা এটা দিয়েছি। তবে তাঁর নাম এখন বাদ দেওয়া হবে।’
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন বিধিমালায় বলা আছে, অ্যাডহক কমিটি হবে অনধিক সাতজনের এবং এই কমিটির কেউ নির্বাচন করতে পারবেন না। তবে মহিলা ক্রীড়া সংস্থার এই কমিটি হয়েছে ৩১ সদস্যের। এই কমিটিকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে। অনেকে অবশ্য বলছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন সামনে রেখে তাড়াহুড়ো করে এসব কমিটি করে পছন্দের ‘কাউন্সিলর’ আনা হচ্ছে।