মৃত্যুকূপ থেকে খেলার মাঠে

‘সারা জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হইনি। এখনো সেদিনের কথা মনে হলে গা শিউরে ওঠে।’ নেপাল ভলিবল দলের প্রধান কোচ কপিল কিশোর শ্রেষ্ঠর চোখে তখনো ভাসছে গত ২৫ এপ্রিলের দুঃস্মৃতি। নেপালে ঘটে যাওয়া সেদিনের ৭.৯ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি সব হারিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়। হারিয়েছেন অনেক প্রিয় মুখ। ভূমিকম্পে মারা গেছেন দলের সহকারী কোচ কেশব লাল শ্রেষ্ঠ।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল শুরু হয়েছে এশিয়ান সেন্ট্রাল জোনের (পুরুষ) ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে এশিয়ার অন্য ছয়টি দেশের সঙ্গে খেলবে নেপালও। অথচ এই টুর্নামেন্টে খেলার আগ্রহই ছিল না নেপালের। খেলবে কী করে? নিজেদের মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে গেছে। এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে অনেক মানুষ। তাই প্রস্তাব পাওয়ার পর প্রথমে সরাসরি না করে দিয়েছিল নেপাল ভলিবল ফেডারেশন। কিন্তু পনেরো দিন আগে আবারও তাদের ঢাকায় আসতে অনুরোধ জানায় বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এবার অনুরোধের সঙ্গে ছিল একটা প্রস্তাবও—নেপাল দলের আসা-যাওয়ার বিমানভাড়া, আবাসনসহ সব খরচ দেওয়া হবে। শেষ পর্যন্ত খেলতে আসতে রাজি হয় নেপাল।
এই দলের ১৩ জন খেলোয়াড়ই সেনাবাহিনী ও পুলিশে কর্মরত। ঢাকায় আসার আগে মাত্র তিন দিন অনুশীলন করতে পেরেছেন খেলোয়াড়েরা। কারণ ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতায়ই বেশি ব্যস্ত থাকতে হয়েছে সবাইকে। দলের সহকারী অধিনায়ক সঞ্জয় অ্যারিয়েল সেই দিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন, ‘আমি তখন মোটরসাইকেল চালাচ্ছিলাম। রাস্তায় ছিলাম বলে ভাগ্যক্রমে বেঁচে গেছি। কাঠমান্ডু থেকে ৪৫ কিলোমিটার দূরে আমাদের গ্রাম। সেখানে পৌঁছে দেখি সব বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। তবে ভাগ্য ভালো যে গ্রামের কারোরই প্রাণহানি ঘটেনি। এটা ঈশ্বরের দয়া।’ সহকারী কোচ কেশবের মৃত্যুকে মেনে নিতে পারছেন না সঞ্জয়, ‘কোচ খুবই ভালো মনের মানুষ ছিলেন। তাঁর অনেক স্বপ্ন ছিল এই টুর্নামেন্ট নিয়ে। বলেছিলেন, আমাদের সঙ্গে ঢাকায় আসবেন। কিন্তু ওকে ছাড়াই আসতে হলো।’
বর্তমান কোচ কপিল নেপাল জাতীয় দলে একসঙ্গে খেলেছেন কেশবের সঙ্গে। প্রায় ৩৫ বছরের পুরোনো সম্পর্ক। কত সুখ-দুঃখের স্মৃতি। কিশোরকে নিজের ভাইয়ের মতোই দেখতেন কপিল, ‘আমি যেন আমার ভাইকে হারিয়ে ফেলেছি।’ অনুশীলনের মাঠ, ইনডোর সব বিধ্বস্ত। ভবনের দেয়ালে ফাটল ধরেছে। অবশ্য অনুশীলনের চেয়ে আহত মানুষের সেবা দেওয়াটাই জরুরি মনে হয়েছে সঞ্জয়ের, ‘ভূমিকম্পের পর পুরো দেশ কাঁদছিল। তারপরও আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হয়েছে। আমরা তো শুধু খেলোয়াড় না সৈনিকও। আমাদের তখন একটাই চিন্তা কীভাবে দুর্গত মানুষদের বাঁচাতে পারি। ওষুধ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে কতটা সাহায্য করতে পারি।’
নেপাল দলের আরেক খেলোয়াড় মিলন মাল্লার বাড়ি পোখারায়। ভূমিকম্পের সময় দৌড়ে বেঁচেছিলেন তিনি, ‘আমি তখন পাঁচতলায় ছিলাম। হঠাৎ দেখি ঘরবাড়ি দুলছে। সবাই চিৎকার, কান্নাকাটি করছে। আমি মেঝেতে পড়ে গেলাম। পরে এক দৌড়ে নেমে আসি নিচে। ভাগ্যই হয়তো পরিবারের অন্যদেরও বাঁচিয়েছে।’
গ্যালারিতে বসে কাল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছিলেন নেপালের খেলোয়াড়েরা। কিন্তু উপভোগের আনন্দে হয়তো ঢুকে পড়েছিল আতঙ্ক। ভূমিকম্পের পরে একটু কাঁপুনিতেই তাঁদের বুক কেঁপে ওঠে মৃত্যুভয়ে।
বুকের জার্সিতে লেখা ‘প্রে ফর নেপাল।’ সাহায্য-সহযোগিতার পাশাপাশি সারা বিশ্বই প্রার্থনা করছে নেপালের জন্য। এখানে একটি জয়ের আনন্দ হয়তো কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে ধ্বংসস্তূপে থাকা নেপালিদের কান্না।