মৃত্যুকূপ শুধু একটাই নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ দৈনিক দ্য সান-এর প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপানো হয়েছে।
রিও ডি জেনিরোয় মারাকানা স্টেডিয়ামের পাশে যিশুখ্রিষ্টের বিশাল যে ভাস্কর্য, সেটির ছবি। ওপরে শিরোনাম—ঈশ্বর আমাদের রক্ষা করো! নিচে ছোট্ট করে লেখা—‘গ্রুপ অব ডেথে’ ইংল্যান্ড!
সঙ্গে ‘ডি’ গ্রুপের বাকি তিনটি দলের নামও দিয়ে দেওয়া হয়েছে—উরুগুয়ে, ইতালি ও কোস্টারিকা।
বাকি তিন দলের নামের ভারে কোস্টারিকাকে এই গ্রুপে ‘শিশু’ মনে হতে পারে। কিন্তু যে গ্রুপের তিনটি দল মিলে সাতটি বিশ্বকাপ জিতেছে, সেখানে অন্য দল নিয়ে খুব বেশি মাথা না ঘামালেও হয়তো চলে। তিন পরাশক্তির কারণেই এটাকে ‘মৃত্যুকূপ’ বলে দেওয়া যায় নিঃসন্দেহে।
পরশু বিশ্বকাপ ড্রয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যমের এই আহাজারি তাই অকারণ নয়। অকারণ নয় এমন গ্রুপে পড়ে ইংল্যান্ড কোচ রয় হজসনের কণ্ঠে হতাশার সুরটাও, ‘ইতালি আর উরুগুয়ে মানে তো আমরা প্রায় দুটি প্রথম সারির দলকে আমাদের গ্রুপে পেয়েছি। ইতালি কত কঠিন প্রতিপক্ষ সেটা আমরা জানি, ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে আমরা ওদের কাছে হেরেছি।’ দুশ্চিন্তা ইতালির কোচ সিজারে প্রানদেল্লির কণ্ঠেও, ‘এটা গ্রুপ অব ডেথ, খুবই কঠিন গ্রুপ।’ উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানোর কথারও একই সুর, ‘এটাই সবচেয়ে কঠিন গ্রুপ। এটা আমাদের ক্যারিয়ারের, আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
নামের ভারে হোক কিংবা ফুটবল ঐতিহ্যের বিচারে এটা ‘ডেথ গ্রুপ’ হতে পারে। তবে সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং দেখলে এর চেয়েও কঠিন মনে হবে ‘জি’ গ্রুপকে। জার্মানি (২), পর্তুগাল (৫), ঘানা (২৪) ও যুক্তরাষ্ট্রকে (১৪) নিয়ে গড়া এই গ্রুপের মিলিত র‌্যাঙ্কিং ৪৫। যা ‘ডি’ গ্রুপের চারটি দলের মিলিত র‌্যাঙ্কিংয়ের (৫৭) চেয়েও ভালো। তবে গ্রুপের শীর্ষ দল জার্মানিকে এ নিয়ে খুব চিন্তিত বলে মনে হচ্ছে না। জার্মান কোচ জোয়াকিম লো বরং বেশি রোমাঞ্চিত একই গ্রুপে যুক্তরাষ্ট্রও থাকায়। যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান যখন নিজের দেশের কোচ ছিলেন তখন তাঁর সহকারী ছিলেন লো। পরশুর ড্র নিশ্চিত করে দিয়েছে একসময়ের দুই বন্ধু বিশ্বকাপে থাকবেন প্রতিপক্ষ হয়ে। ব্যাপারটা ভেবে আগে থেকেই রোমাঞ্চিত লো, ‘তাহলে পুরোনো বন্ধুর সঙ্গে আমাদের দেখা হচ্ছে! যুক্তরাষ্ট্রকে একই গ্রুপে পাওয়াটা বিশেষ কিছু, কারণ ইয়ুর্গেন আর আমার সম্পর্কটা অনেক দিন ধরেই খুব আন্তরিক। আমরা নিয়মিত নিজেদের চিন্তাভাবনা অদলবদল করি। তবে বিশ্বকাপে নিশ্চয়ই দৃশ্যটা বদলে যাবে।’ অবশ্যই বদলে যাবে—এই নিশ্চয়তা দিয়ে রাখলেন ক্লিন্সমানও, ‘আমার জন্য অবশ্যই জার্মানির বিপক্ষে খেলাটা হবে বিশেষ একটা মুহূর্ত। তবে যখন মাঠে নামব, তখন ওরা শুধুই প্রতিপক্ষ।’
এই দুটি গ্রুপ ছাড়াও ‘ডেথ’ গ্রুপের দাবিদার হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ হল্যান্ড, চিলি আর অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া গ্রুপ ‘বি’। কে ভেবেছিল গতবারের দুই ফাইনালিস্টের এবার দেখা হয়ে যাবে গ্রুপের প্রথম ম্যাচেই! তবে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক একটুও অবাক হননি, ‘আমি সকালেই বলছিলাম, আমরা হল্যান্ডকে পাব গ্রুপে। সেটাই হয়েছে, তাও আবার প্রথম ম্যাচেই ওদের সঙ্গে খেলা।’ স্পেন ও হল্যান্ডের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় রাউন্ডেই খেলতে হতে পারে ব্রাজিলের বিপক্ষে! এখন থেকেই সেটা নিয়ে চিন্তিত হল্যান্ডের কোচ লুই ফন গল, ‘স্পেন যেমন ফাইনালে যেতে চায়, তেমনি আমরাও চাই। গ্রুপ পর্ব পেরিয়ে গেলেই হয়তো আমাদের শেষ ষোলোতে ব্রাজিলের সঙ্গে খেলতে হতে পারে, যেটা হবে খুব কঠিন।’ এএফপি, রয়টার্স।
তুলনায় ফ্রান্সের ভাগ্য ভালোই বলতে হবে। বিশ্বকাপে ইউরোপের ১৩টি দেশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার নিচে, চূড়ান্ত পর্বে জায়গা মিলেছে প্লে-অফ খেলে। অথচ তারাই কি না পেল সবচেয়ে সহজ গ্রুপ। ফরাসি কোচ দিদিয়ের দেশম আনন্দটা গোপন করেননি, ‘আমি আপনাদের কাছে গোপন করব না, গ্রুপটা আরও কঠিন হতে পারত!’
গ্রুপ পর্বের সঙ্গীদের নিয়ে খুশি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনাও। ১২ জুন সাও পাওলোতে ব্রাজিল প্রথম ম্যাচটা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০০৬ বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে একই গ্রুপে পেয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে কষ্টার্জিত ১-০ গোলের জয় পাওয়া ব্রাজিলকে এবারও ছেড়ে কথা বলতে চান না ক্রোট কোচ নিকো কোভাচ। তাঁর কথা তিনি বলেছেন, তবে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি কিন্তু প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়ে খুশি, ‘ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে শুরু করাটাই ভালো কারণ, ওদের ব্রাজিলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে এবং অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে।’