মৃত্যুকূপে তিন পরাশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর যা-ই হোক স্পেনের সঙ্গে একই গ্রুপে যেন না পড়ি’—ড্রয়ের আগে ইউরোপের আর সব বড় দলই ভাবছিল এমনটা। স্পেন, হল্যান্ড, জার্মানি, পর্তুগালের একই গ্রুপে পড়ে যাওয়ার সম্ভাবনা তো ছিলই। সেটা হয়নি। কিন্তু পরশু কিয়েভে ইউরো ২০১২-এর ড্রয়ে যা হলো, সেটাও নজিরবিহীন। স্পেন আর ফ্রান্স পরস্পরকে গ্রুপে এড়াতে পারল বটে, তবে একই গ্রুপে পড়ে গেছে গত বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড ও তৃতীয় জার্মানি।হল্যান্ড-জার্মানির সঙ্গে গ্রুপ ‘বি’তে রয়েছে রোনালদোর পতুর্গাল ও ইউরো ১৯৯২ চ্যাম্পিয়ন ডেনমার্ক। একই গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই (হল্যান্ড), তিন (জার্মানি) ও সাত নম্বর (পর্তুগাল)। ‘গ্রুপ অব ডেথ’, মৃত্যুকূপের চেয়েও তো এটা বেশি!১৬ দলের প্রতিযোগিতায় ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা বিশের ১৩টিই আছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা। বর্তমান ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে এড়াতে পারেনি ইতালি। স্পেনের সঙ্গে ‘সি’ গ্রুপে ইতালি, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড, সঙ্গে দুই স্বাগতিকের অন্যতম ইউক্রেন ও সুইডেন। তবে রাশিয়া, ২০০৪ চ্যাম্পিয়ন গ্রিস, স্বাগতিক পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রকে নিয়ে ‘এ’ গ্রুপটাই সবচেয়ে কম আলোর ঝলকানি দিচ্ছে।আগামী ৮ জুন ওয়ারশতে পোল্যান্ড-গ্রিস উদ্বোধনী ম্যাচ। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ১ জুলাই ফাইনাল। কিন্তু শিরোপাজয়ী দলটি কে, ভবিষ্যদ্বাণী করা কঠিন। দুটি বৈশ্বিক শিরোপা হাতে নিয়ে লড়াইয়ে নামছে বলে স্পেনই ফেবারিট। কিন্তু কে বলতে পারে হল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ডেনমার্ক, এমনকি গ্রিসও মুকুট মাথায় তুলতে পারবে না? ২০০৪ ইউরোতে গ্রিক বিজয়ের সেই রূপকথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি! ১৯৯২ ইউরোতে পিটার স্মেইকেল, লাউড্রপ ভাইদের ডেনমার্কই বা কী করেছিল! হঠাৎ নিষিদ্ধ যুগোস্লাভিয়ার জায়গায় শেষ মুহূর্তে সুযোগ পাওয়া ডেনিশরাই শেষ পর্যন্ত জিতে নিয়েছিল শিরোপা।সম্প্রতি প্রীতি ম্যাচে স্পেনকে হারিয়েছে ইংল্যান্ড, ইতালি। তার পরও স্পেনকেই ফেবারিট বলছে সবাই। ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ যেমন বলছেন, ‘স্পেনই ফেবারিট দল।’ তবে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক ভাবছেন অন্য কিছু, ‘এটা (জার্মানির সঙ্গে ফাইনাল) যদি আবারও হয়, দারুণ হবে। আশা করি, এটাই হবে, তাহলে দুর্দান্ত এক ফাইনাল হবে।’তবে জিবে জল আনার মতো লড়াই উপহার দেবে ‘বি’ গ্রুপে হল্যান্ড, জার্মানি, পর্তুগাল ও ডেনমার্কের ৬টি গ্রুপ ম্যাচ। সবাই মানছে, এটাই কঠিনতম গ্রুপ। জার্মানি বাছাইপর্বের ১০টি ম্যাচ জিতে সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। গত মাসের প্রীতি ম্যাচে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে হল্যান্ডকে। কিন্তু জার্মান কোচ জোয়াকিম লো বলছেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা তো বিশ্বকাপেই খেলার মতো। যেকোনো দলই চমকে দিতে পারে।’ তিনি এও বলছেন, ‘যে দলই সামনে পড়ুক, স্বাভাবিকভাবেই নেব। আমাদের কোনো ভয় নেই।’ ডাচ কোচ বার্ট ফন মারউইকও অস্বীকার করতে পারছেন না এটিই সবচেয়ে কঠিন গ্রুপ।দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ লরাঁ ব্লাঁ নিজেদের মনে করছেন ভাগ্যবান, ‘বি-গ্রুপে (হল্যান্ড, জার্মানি ও পর্তুগালের সঙ্গে) ডেনমার্কের মতো জায়গায় আমরা পড়লে সেটি হতো খুবই জটিল।’ ইংল্যান্ড পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে, তবে ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর কথা, ‘বি ও সি-গ্রুপটা কঠিন, কিন্তু আমাদেরটাও সহজ নয়।’ড্র অনুষ্ঠানে দলের নাম তুলেছেন চার সাবেক ইউরো চ্যাম্পিয়ন দলের চার তারকা—ফ্রান্সের জিনেদিন জিদান, হল্যান্ডের মার্কো ফন বাস্তেন, ডেনমার্কের গোলকিপার পিটার স্মেইকেল এবং জার্মানির হর্স্ট রুবেশ। কিন্তু কেউ কি ভবিষ্যদ্বাণী করতে পেরেছেন, কোন দলের হাতে উঠবে শিরোপা? এএফপি, রয়টার্স।ইউরোর চার গ্রুপগ্রুপ ‘এ’পোল্যান্ড, গ্রিস, রাশিয়া, চেক রিপাবলিকগ্রুপ ‘বি’হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, পর্তুগালগ্রুপ ‘সি’স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়াগ্রুপ ‘ডি’ইউক্রেন, সুইডেন, ফ্রান্স, ইংল্যান্ড