মৃত্যুঞ্জয়ী লা ক্রুজ

দুই বছর আগে এ দৃশ্যটি কী কল্পনা করতে পেরেছিলেন হুলিও সিজার লা ক্রুজ? গুলিবিদ্ধ হয়ে যখন কিউবান শহর কামাগেইর রাস্তায় শুয়ে কাতরাচ্ছিলেন লা ক্রুজ, তখন অলিম্পিকের কথা মাথায়ই আসার কথা নয়। বাঁ কোমরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল ঘুরে আসা সেই লা ক্রুজই পরশু জিতলেন বক্সিংয়ে লাইট হেভিওয়েটের সোনা।
বক্সিংয়ে কিউবার ঐতিহ্য বেশ পুরোনো। এবারের রিও অলিম্পিকটা অবশ্য যাচ্ছেতাই যাচ্ছে কিউবার। ভাবা যায়, ১৩তম দিনে এসে বক্সিংয়ে প্রথম সোনা জিতলেন কিউবার কেউ! পরশু বেইজিং অলিম্পিকের রুপাজয়ী কাজাখস্তানের আদিলবেক নিয়াজিমবেতভকে হারিয়ে সোনা জিতেছেন লা ক্রুজ। আর এ সোনা দিয়েই অনেক দিনের হতাশা ঘুচল দেশটির। অলিম্পিক বক্সিংয়ে শুধু ৮১ কেজি শ্রেণিতে এর আগে কখনো সোনা জেতেনি কিউবা। নিজের কৃতিত্বের এ দিকটি নজর এড়ায়নি লা ক্রুজের, ‘আমার লক্ষ্য পূরণ হয়েছে। কিউবার বক্সিং ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৮১ কেজি শ্রেণিতে সোনা জিতে আমি খুব খুশি।’
নিজের প্রথম অলিম্পিক সোনাটি কিছুদিন আগেই ৯০তম জন্মদিন পালন করা ফিদেল কাস্ত্রোকে উৎসর্গ করেছেন লা ক্রুজ। রয়টার্স।