মৃত্যুঞ্জয়ীর ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোয়াডে কদিন আগেও ছিলেন। মাঠে নামা হয়নি। কিন্তু পরশু তাঁকে গা গরম করতে দেখেই ন্যু ক্যাম্পের গ্যালারিতে সে কী আলোড়ন। সবাই দাঁড়িয়ে গেল তাঁর সম্মানে। করতালির বৃষ্টিতে ভিজতে থাকলেন তিনি। মানুষের ভালোবাসা এভাবে বুকে নিয়ে এরিক আবিদাল আবার নামলেন মাঠে। এক বছর পর। যে এক বছর তাঁকে নতুন করে জীবন চিনতে শিখিয়েছে। যে এক বছরের প্রতিটি মুহূর্ত তিনি নিরন্তর লড়াই করেছেন। শেষ না হওয়া পর্যন্ত হার মানবেন না, কিছুতেই না—এই দৃঢ়প্রতিজ্ঞাই মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছে আবিদালকে। পরশু মায়োর্কার বিপক্ষে ৭০ মিনিটে জেরার্ড পিকের বদলি হিসেবে কোনো ডিফেন্ডার নামেনি, নেমেছেন এক লড়াকু যোদ্ধা। এরিক আবিদাল নন, তিনি মৃত্যুঞ্জয়ী সেনাপতি!যকৃতে টিউমার ধরা পড়ার পর মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। অস্ত্রোপচার যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত যকৃৎ প্রতিস্থাপন করতে হয়েছে। যে চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারটি করেছিলেন, তিনিই বলেছিলেন, প্রতিস্থাপিত যকৃৎ নিয়ে ভারী কোনো কাজ না করাই ভালো। ফুটবল খেলার প্রশ্নই আসে না। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ আবিদাল লড়াই করে ফিরেছেন অনুশীলনে। ধীরে ধীরে তাঁর উন্নতি দেখে বিস্মিত চিকিৎসকেরাই দিয়েছেন সবুজসংকেত। ডিফেন্ডার-সংকটে পড়া বার্সেলোনার জন্য তাঁর এই ফিরে আসাটাও এক সুখবর। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে দেওয়া টিভি সাক্ষাৎকারে আবিদাল সবার প্রথমে স্মরণ করেছেন তাঁর চাচাতো ভাইকে। এই ভাইয়ের দেওয়া যকৃৎ নিয়েই বেঁচে আছেন। তাঁর পরা টি-শার্টে লেখাও ছিল ‘মেরসি মন কাজিন’। আবিদাল বলেছেন, ‘এক বছর বাইরে থাকার পর ফিরে আসাটা আমার জন্য বিরাট একটা মুহূর্ত। আমি আমার চাচাতো ভাইকে ধন্যবাদ জানাই। ও না থাকলে আমি আজ এখানে থাকতাম না। এটা অনন্য এক মুহূর্ত।’ রয়টার্স।