মৃত্যুদুয়ার থেকে ফাইনালে
তিনটি গ্র্যান্ড স্লামসহ ৩৯টি শিরোপা জেতা কিম ক্লাইস্টার্স ক্যারিয়ারে ফাইনালে উঠেছেন অনেকবারই। কিন্তু দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আলাদা করেই মনে রাখবেন এই বেলজিয়ান। পরশু মৃত্যুর মুখ থেকে ফিরেই যে টুর্নামেন্টের ফাইনালে তুলে নিলেন নিজেকে!অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে সেমিফাইনাল। বেশ উচ্ছ্বাসের সঙ্গেই হোটেল রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশে রওনা দেন ক্লাইস্টার্স। কিন্তু তাঁর এই উচ্ছ্বাস নিভে যায় রাস্তায় নামতেই। নিভে যেতে পারত জীবনদীপও! কিন্তু ভাগ্য সহায়, দুবাইয়ের রাস্তায় ভয়ানক গাড়ি দুর্ঘটনার পরও এ-যাত্রায় বেঁচে গেছেন ক্লাইস্টার্স।রাস্তায় বড় একটি ট্র্যাকের সঙ্গে সংঘর্ষে তাঁর গাড়ির কাচ ভেঙে চূর্ণ হয়েছে। এখানে-ওখানে কেটে গেছে কোচ বব ভারবিকের। কিন্তু ক্লাইস্টার্স অক্ষত থাকলেও ভয়ে সাময়িক জ্ঞানই হারিয়ে ফেলেছিলেন। এই ভয়ের রেশটা ছিল কোর্টে নামার পরও। প্রথম ২০ মিনিট তো ক্লাইস্টার্সকে ক্লাইস্টার্স মনেই হয়নি। এই সুযোগে প্রথমেই ৩-০-তে এগিয়ে যান সামান্থা স্টোসুর। এরপরই মৃত্যু-আতঙ্ক কাটিয়ে স্বরূপে ফেরেন ক্লাইস্টার্স। ঘুরে দাঁড়িয়ে পিছিয়ে পড়া ওই সেটটিও জিতে নেন ক্লাইস্টার্সই। পরের সেটে তো পাত্তাই পাননি স্টোসুর, ফল ৭-৬ (৭-৩), ৬-১। ফাইনালে তাঁর প্রতিপক্ষ এই টুর্নামেন্ট দিয়েই শীর্ষ বাছাই হিসেবে বছর শেষ করা নিশ্চিত করা ক্যারোলিন ওজনিয়াকি। যিনি অন্য সেমিফাইনালে ৭-৫, ৬-০ গেমে হারিয়েছেন রাশিয়ার ভেরা জনারেভাকে।ইউএস ওপেন জয়ের পর এই প্রথম কোর্টে নামা ক্লাইস্টার্সের এবারই প্রথম দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। অথচ ফাইনালে ওঠার উচ্ছ্বাস চাপা রেখে ক্লাইস্টার্সকে দিতে হলো ভয়াবহ ওই অভিজ্ঞতার বর্ণনা, ‘এটা ছিল প্রচণ্ড আঘাত। আমি ঠিক জানি না কী ঘটেছিল। কিন্তু গাড়ির অনেক কাচ ভেঙে গেছে এবং ববের শরীর কেটে গেছে। কিন্তু আমরা ছিলাম ভাগ্যবান।’ এএফপি।