মৃত্যুমুখ থেকে তাঁদের ফেরা

২৯ ডিসেম্বর স্কি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর মাইকেল শুমাখারকে নিয়ে কেবলই শঙ্কাজাগানিয়া খবর মিলছে সংবাদমাধ্যমে। আশার খবর, ফর্মুলা ওয়ানের কিংবদন্তিকে ধীরে ধীরে জাগিয়ে তোলার কাজ শুরু করেছেন চিকিত্সকেরা। শুমাখার কবে চেতনা ফিরে পাবেন, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বটে। তবে জেনে নেওয়া যাক সেই সব খেলোয়াড়ের গল্প, যাঁরা মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন দীর্ঘ লড়াই শেষে—
যুবরাজের লড়াই
মাঠে লড়েন বুক চিতিয়ে। ক্যানসার যতই জীবনবিনাশী হোক না কেন, যুবরাজ সিং দমার পাত্র নন। এ কারণে বোধ হয় ক্যানসার জয়ে বড় যোদ্ধাদের নাম বললে যুবরাজের নাম বলতেই হবে। ২০১১ সালের নভেম্বরে জানা গেল, ক্যানসার বাসা বেঁধেছে শরীরে। শুরুতে অসুখ নিয়ে লুকোছাপার চেষ্টা। এমন করলে যা হয়, বাড়ে কানাঘুষা। সন্দেহটা চাউর হয়েছিল সে বছরই। তখন খবর বের হলো, ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক খেলেছেন ফুসফুসে গলফ বল সাইজের এক টিউমার নিয়ে! টিউমার নাকি ক্যানসার—এ নিয়েও কদিন চলল কানাকানি। যুবরাজের পরিবারের পক্ষ থেকে পরে অবশ্য জানানো হলো—ক্ষতিকর কিছু নয়, ওষুধেই সেরে যাবে। শেষ পর্যন্ত সত্যটা আড়াল করা গেল না। ক্যানসারের চিকিত্সা নিতে যুক্তরাষ্ট্রে গেলেন। বোস্টনের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে চলল নিবিড় চিকিত্সা। চিকিত্সা শেষে ২০১২ সালের এপ্রিলে দেশে ফেরেন সুস্থ যুবরাজ। এরপর অবিশ্বাস্য দ্রুততায় সে বছরের সেপ্টেম্বরেই ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। যুবরাজ ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় কাকে অনুপ্রেরণা মেনেছিলেন জানেন? যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংকে! আর্মস্ট্রংয়ের লেখা আত্মজীবনীমূলক বই ইটস নট অ্যাবাউট দ্য বাইক: মাই জার্নি ব্যাক টু লাইফ ছিল তখন যুবরাজের নিত্যসঙ্গী। ওই বই পড়েই ২০১১ বিশ্বকাপ-সেরা বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন।
প্রেরণাদায়ী আর্মস্ট্রং

যুবরাজ যে আর্মস্ট্রংকে অনুপ্রেরণা মেনেছিলেন, এবার শোনা যাক তাঁর মৃত্যুজয়ের গল্প। আর্মস্ট্রংয়ের ক্যানসার ধরা পড়েছিল তৃতীয় পর্যায়ে। ততদিনে মরণব্যাধি ছড়িয়ে পড়েছে ফুসফুস, উদর আর মস্তিষ্কে। মুমূর্ষু রোগীদেরও চিকিত্সকেরা আশার কথা শোনান। কিন্তু আর্মস্ট্রংকে নির্মম সত্যটিই জানিয়ে দিয়েছিলেন চিকিত্সকরা—তাঁর বেঁচে ফেরার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ! তবু হাল ছাড়েননি এ সাইক্লিস্ট। ঠিকই ফিরে এসেছিলেন। মৃত্যুদুয়ার থেকে ফিরে এসে রেকর্ড টানা সাতবার জিতেছিলেন সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ‘ট্যুর ডি ফ্রান্স’। আর এরই ফাঁকে লিখেছিলেন আত্মজীবনীমূলক বইটি। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মৃত্যুঞ্জয়ী আর্মস্ট্রং-ই কিনা একপর্যায়ে নিক্ষিপ্ত হলেন ঘৃণার আস্তাকুঁড়ে। ২০১৩ সালে ডোপ কেলেঙ্কারিতে আজীবন নিষিদ্ধ হয়েছেন এ সাইক্লিস্ট।
মৃত্যুঞ্জয়ী আবিদাল
আরেক মৃত্যুঞ্জয়ী খেলোয়াড় এরিক আবিদাল। লিভারে টিউমার ধরা পড়ার পর একরকম ধরেই নেয়া হয়েছিল—আর মাঠে ফেরা হবে না সাবেক বার্সা তারকার। ২০১১ সালের ১৫ মার্চে প্রথম ধরা পড়ে, আবিদালের শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার। সেটা যকৃতের টিউমার আকারে। এরপর তাঁর তাগিদেই দুদিন পর নেওয়া হয় অপারেশন টেবিলে। কিন্তু প্রথম অস্ত্রোপচারে সমস্যা হওয়ায় চিকিত্সকেরা নিশ্চিত হন, আসলে তাঁর যকৃত্ই প্রতিস্থাপন করতে হবে। যকৃত্ প্রতিস্থাপনের আগে চিকিত্সকদের সংশয় ছিল, হয়তো কোনো দিন ফুটবলই খেলতে পারবেন না। এমনকি জীবন নিয়েও তখন টানাটানি। কিন্তু সব শঙ্কা-সংশয় মিথ্যা করে ফিরলেন মৃত্যুঞ্জয়ী আবিদাল। এক বছরের বেশি সময় বাইরে কাটিয়ে গত বছরের এপ্রিলে বার্সার হয়ে আবার মাঠে নামেন। তবে মরণব্যাধি ক্যানসার থেকে ফিরে আসা আবিদালের শারীরিক অবস্থা বিবেচনা করে চুক্তি শেষ হওয়ার পর তা আর নবায়ন করেনি বার্সা। পেশাদার ফুটবলের শুরুটা হয়েছিল মোনাকোতে, ২০০০ সালে। গত বছর স্বদেশি ক্লাবেই ফিরেছেন ফরাসি ডিফেন্ডার।
কাবানাস এখন
২৫ জানুয়ারি, ২০১০। ভোর পাঁচটা। মেক্সিকোর এক নৈশ ক্লাবে সন্ত্রাসীদের ছোড়া বুলেট ঠাশ করে লাগল সালভাদর কাবানাসের মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে। মুমূর্ষু কাবানাসকে ভর্তি করা হলো হাসপাতালে। প্রিয় ধরাতলে বেঁচে থাকবেন, এ কথা বলার কেউ ছিলেন না। মৃত্যুকে নিঃশ্বাস দূরত্বে অবলোকন করে, হাসপাতালের আইসিইউর বিছানায় অচেতন শুয়ে যমদূতের সঙ্গেই লড়াই চালালেন। শেষ অবধি লড়াইয়ে হারেননি। বেঁচে উঠলেন। তাঁর বেঁচে ফেরাটা চিকিত্সকদের কাছে ছিল একটা অলৌকিক ঘটনা। এমন অলৌকিক ঘটনা ঘটেও তো কালেভদ্রে। তাঁকে নিয়ে সর্বশেষ সংবাদ—বেশ আছেন তিনি। এখন খেলছেন প্যারাগুইয়ান লিগের দ্বিতীয় বিভাগের দল জেনারেল কাবায়েরায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে কাবানাস ফুটবল শুরু করেছিলেন ২০১২ সালের ২০ জানুয়ারি তৃতীয় বিভাগের দল ১২ ডি অক্টুব্রেতে। বুলেটটা মস্তিষ্কের এমন এক জটিল জায়গায় ঘাপটি মেরে আছে, অস্ত্রোপচার করে তা বের করে আনতে গেলে সেটি হবে জীবনকে আরেকবার মৃত্যুঝুঁকিতে ফেলে দেওয়া। বুলেট মাথায় নিয়েই কাবানাস বরং দিব্যি সুস্থ আছেন।
রাইডারের ফেরা
গত বছরের ২৮ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক পানশালার বাইরে নৃশংস আক্রমণের শিকার হয়ে কোমায় চলে গিয়েছিলেন ব্লাক ক্যাপস ওপেনার জেসি রাইডার। প্রতিভাবান হলেও জীবনটা তাঁর বরাবরই ছিল লাগামহীন ঘোড়া। পানশালায় মারপিটে জড়িয়েছেন অনেকবারই। তবে সেবারের মতো এতটা মারাত্মক দুর্ঘটনা ঘটেনি আগে কখনো। জীবন তখন সংশয়ের চাদরে মোড়া। মাথার খুলি ভেঙে গেল, মারাত্মক জখম হলো ফুসফুস। সপ্তাহ কয়েক নিবিড় চিকিত্সার পর তবেই স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান। দারুণভাবে ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও।