মৃত্যুর কথা কখনো ভাবিনি: আবিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে লড়াই লড়েছেন। শরীরে চার-পাঁচটি অস্ত্রোপচার হয়েছে। কঠিন লড়াই শেষে আবার ফুটবলে ফিরেছেন এরিক আবিদাল। তবে বার্সেলোনার ফরাসি এই ডিফেন্ডার জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়লেও কখনোই মরে যাওয়ার বিষয় নিয়ে ভাবেননি তিনি।‘মৃত্যুর কথা কখনো ভাবিনি। কারণ, আমি জানি, এটা কেবল ঈশ্বরই নির্ধারণ করেন।’ এক সাক্ষাত্কারে বলেছেন ৩৩ বছর বয়সী আবিদাল।২০১১ সালে আবিদালের যকৃতে ক্যানসার কোষের সংক্রমণ দেখা দেয়। গত বছরের এপ্রিলে তাঁর যকৃত্ প্রতিস্থাপন করা হয়। এক বছরের বেশি সময় বিরতির পর গত সপ্তাহে বার্সার হয়ে মাঠে ফেরেন আবিদাল।ক্যানসারের সঙ্গে লড়াইয়ের দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরে আবিদাল বলেন, ‘খুব কষ্ট হয়েছে। এক রোববারের কথা মনে আছে। ব্যথা সহ্য করতে পারছিলাম না। এ অবস্থায় ডাক্তারকে বলেছিলাম আমায় কোমায় পাঠাতে।’বার্সা ডিফেন্ডার বলেন, ‘সবাই শুধু আমার যকৃত্ প্রতিস্থাপনের কথা বলে। অথচ অল্প সময়ের মধ্যে আমার চার-পাঁচটি অস্ত্রোপচার হয়েছে। আমার ওজন ১৯ কেজি কমেছে।’