ফ্রেড গ্রেস, ডব্লুজি গ্রেসের সবচেয়ে ছোট ভাই। বিখ্যাত দুই বড় ভাইয়ের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল তাঁর ব্যাটিং। কিন্তু খেলেছেন মাত্র একটি টেস্ট। ১৮৮০ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টেস্টটির দু ইনিংসেই করেছিলেন শূন্য। নিজের সক্ষমতা দেখানোর আর কোনো সুযোগই পাননি কনিষ্ঠ গ্রেস। ওই টেস্টের মাত্র দুই সপ্তাহ পরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান মাত্র ৩০ বছর বয়সেই। টেস্ট খেলার পর সবচেয়ে কম সময়ের মধ্যে মারা যাওয়া ক্রিকেটার তিনি। এরপর আসে ১৯৩৫ সালে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক জক ক্যামেরনের নাম। দেশে ফিরে শেষ টেস্ট খেলার চার মাসের কিছু কম সময়ের মধ্যেই টাইফয়েডে ভুগে মারা যান ক্যামেরন। শেষ টেস্ট খেলার এক বছরের মধ্যে মারা গেছেন আরও পাঁচ ক্রিকেটার। ইংল্যান্ডের বিল হোয়াইসল (পরে গিয়ে), ওয়েস্ট ইন্ডিজের কলি স্মিথ (সড়ক দুর্ঘটনা), জিম্বাবুয়ের ট্রেভর ম্যাডেন্ডো (ম্যালেরিয়া), নিউজিল্যান্ডের কেন ওয়ার্ডসওয়ার্থ (ক্যানসার) এবং ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক মিলিগান (বোয়ার যুদ্ধ)।