মৃত্যুর সঙ্গে লড়ছেন রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা পরিণতির আশঙ্কাই হয়তো ছিল। কাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক পানশালার বাইরে নৃশংস আক্রমণের শিকার হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মুমূর্ষু শুয়ে আছেন জেসি রাইডার। রয়েছেন কোমায়। প্রতিভাবান কিন্তু লাগামহীন—এই ছিল রাইডারের পরিচয়। পানশালায় এর আগে অনেকবারই মারপিটের ঘটনায় জড়িয়েছেন। কিন্তু আগে কখনোই এতটা গুরুতর ঘটনা ঘটেনি। এবার তাঁর জীবনটাই সংশয়ে পড়ে গেল। রাইডারের মাথার খুলি ভেঙে গেছে। ফুসফুসও মারাত্মক জখম হয়েছে। চিকিৎসকেরা অবশ্য আশাবাদী, এই যাত্রা হয়তো বেঁচে ফিরবেন ২৮ বছর বয়সী কিউই ব্যাটসম্যান।কেন বা কারা এ ঘটনা ঘটাল, জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, অ্যালকোহল এ ঘটনায় কোনো প্রভাবক হিসেবে কাজ করেনি। তদন্তকারী সিনিয়র সার্জেন্ট ব্রায়ান আর্চার সাংবাদিকদের বলেছেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। একাধিক চোটের কারণে তিনি এখন কোমায়।’ আর্চারই জানিয়েছেন, পানশালা থেকে বেরোনোর পর দু-তিনজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় রাইডারের। এর পর রাইডার রাস্তা পেরিয়ে কাছের একটি ফাস্ট ফুডের দোকানে গেলে সেখানে তার ওপর চড়াও হয় তারা। এ ঘটনার কমপক্ষে ১০ জন সাক্ষী পাওয়া গেছে। তাঁদের একজন এমা-লুইজি ফার্গুসন পুলিশকে জানান, রাইডারকে ‘অবিশ্বাস্য নৃশংসতায়’ আক্রমণ করা হয়, ‘ওরা তাকে মাটিতে শুইয়ে ফেলেছিল, সজোরে লাথি কষছিল। পানশালার দরজার বাইরেই ঘটেছে ঘটনাটা। ও যখন মাটিতে পড়ে ছিল, আমি ওকে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু শোনা যাচ্ছিল ওরা ওকে যতটা সম্ভব জোরেই লাথি মারছে।’ অ্যাডাম নামের আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, রাইডার আক্রমণ প্রতিহতের চেষ্টা করেছিলেন। কিন্তু চারজনের সঙ্গে পেরে ওঠেননি। ‘তারা তাকে একেবারে মেরে গুঁড়িয়ে ফেলেছে’—বলেছেন অ্যাডাম। অ্যাডামের ধারণা, আক্রমণকারীরা রাইডারের পরিচিত হয়তো নয়। তবে তারকা ক্রিকেটার রাইডারকে তারা ভালোই চেনে।এ ঘটনা নিউজিল্যান্ডের সাধারণ মানুষের মনে বেদনার পাশাপাশি ক্ষোভের জন্মও দিয়েছে। প্রধানমন্ত্রী জন কি এক বিবৃতিতে বলেছেন, ‘বিনা উসকানিতে এ ঘটনা ঘটেছে। ফলে বোঝা যায়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এই আক্রমণ অবশ্যই অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’ অপরাধীদের দ্রুত ধরার আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর আশা, রাইডারও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।পুলিশ আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। আর্চার জানান, পুলিশের হাতে আশাবাদী হওয়ার মতো অনেক তথ্য-প্রমাণ এরই মধ্যে আছে। মদ্যপান ও পানশালা-সংক্রান্ত বেশ কয়েকটা ঘটনার পর রাইডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা অবসর নেন। ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলে যাচ্ছিলেন। কাল কেন্টাবুরিতে মৌসুম সমাপক একটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। ওই ম্যাচে হারের পর ওয়েলিংটন দলের কয়েকজন সতীর্থকে নিয়ে পানশালায় যান। সেখানেই ঘটে এ ঘটনা। অথচ মাত্রই কিছুদিন পর আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল তাঁর। যেখানে খেলে আড়াই লাখ ডলারের বেশি পেতেন রাইডার।এ ঘটনায় গভীর দুঃখ এবং প্রতিবাদ জানিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন এনজেডসিপিএর প্রধান হিথ মিলস বলেছেন, ‘জেসি যে ধারাবাহিক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল, এটা তারই একটা। আমাদের সবটুকু দিয়ে তাকে সাহায্য করতে হবে। আমি যেটা বলতে পারি, মৌসুম শেষে জেসি সতীর্থদের নিয়ে হালকা পান করছিল। আসল আক্রমণের ঘটনার সঙ্গে অ্যালকোহলজনিত বেপরোয়া আচরণের কোনো ব্যাপার জড়িত নেই।’ এ ঘটনায় তীব্র শোক আর নিন্দা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটও। এএফপি, রয়টার্স।