মৃত্যুর হাতছানি ভুলিয়ে দেয় সোনার লোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনৈতিকভাবে সুবিধা পেতে মৃত্যুর ঝুঁকিও পাত্তা দেন না অনেক অ্যাথলেট। প্রতীকী ছবি
অনৈতিকভাবে সুবিধা পেতে মৃত্যুর ঝুঁকিও পাত্তা দেন না অনেক অ্যাথলেট। প্রতীকী ছবি

অলিম্পিক মানেই যেন উসাইন বোল্টের দৌড়ে, পুলে ফেল্‌প্‌সের ঝড় আর পোল ভল্টে ইসিনবায়েভার আরেকটি রেকর্ড। সাম্প্রতিক সময়ের অলিম্পিকের চুম্বক অংশ বাছতে গেলেই তো এই তিনটি দৃশ্য আসবেই। কিন্তু রিও অলিম্পিকের দুর্ভাগ্য, পাচ্ছে না ইয়েলেনা ইসিনবায়েভাকে। ডোপিং কেলেঙ্কারিতে রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দলই নিষিদ্ধ এবারের অলিম্পিকে। ফলে কোনো রকম ডোপিংয়ের অভিযোগ না থাকলেও পোল ভল্টের রানি থাকবেন না রিওতে।

ইসিনবায়েভা হয়তো সেসব দুর্ভাগার একজন, যাকে সঙ্গীদের পাপের বোঝা বইতে হচ্ছে। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই, নিজেদের পারফরম্যান্স বাড়ানোর জন্য অ্যাথলেটরা ডোপিং করছেন বহুদিন ধরেই। নিজেকে সেরা প্রমাণের আশায়, এমনকি মৃত্যুর ঝুঁকিও নিতে পিছপা হচ্ছেন না তাঁরা!

আশি ও নব্বই দশকে শীর্ষ অ্যাথলেটদের কাছে প্রশ্ন করা হয়েছিল, সাফল্য পেতে সর্বোচ্চ কী করতে প্রস্তুত তাঁরা? উত্তরে ৫০ শতাংশ অ্যাথলেট বলেছিলেন, ধরা পড়বে না এমন নিষিদ্ধ ওষুধ নিতে রাজি তাঁরা। এমনকি ওই ডোপিংয়ে পাঁচ বছরের মধ্যে মৃত্যু নিশ্চিত হলেও আপত্তি নেই!

নিজেদের নৈপুণ্য বাড়াতে এভাবে পারফরম্যান্স-বর্ধক নেওয়ার ইতিহাস অনেক পুরোনো। প্রাচীন অলিম্পিকের অ্যাথলেটরাই তো সে পথ দেখিয়েছেন। গাধার খুর কিংবা ভেড়ার অণ্ডকোষ, নিজেদের শৌর্যশক্তি বাড়াতে সব রকম চেষ্টাই করেছেন প্রাচীন অ্যাথলেটরা। এই ধারা বিশ শতকেও চলেছে। ১৯৩০ সালে উলভারহ্যাম্পটনের ফুটবলাররা বানরের গ্রন্থির নির্যাস নিয়েছিলেন শক্তি বৃদ্ধির জন্য!


বর্তমানের অ্যাথলেটদের অতটা বেপরোয়া হতে হচ্ছে না। তাঁদের কোনো প্রাণীর নির্যাস নিতে হয় না, তাঁদের সহযোগিতা করার জন্য অনেক প্রতিষ্ঠানেরই জন্ম হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাজ হলো, নিত্যনতুন সব পারফরম্যান্স–বর্ধক ওষুধের জোগান দেওয়া, যাতে দোষী অ্যাথলেটরা ধরা না পড়েন। আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) প্রবর্তিত ডোপ টেস্ট যত আধুনিক হচ্ছে, ডোপিং–প্রক্রিয়া যেন সব সময়ই এগিয়ে থাকছে এক ধাপ। এ কারণেই একটা অলিম্পিক আসর পার হয়ে ​অনেক বছর পর আবিষ্কৃত হয়, কে কে সেবার ডোপ নিয়েছিলেন। এ নিয়ে বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এবার যেমন রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে খোদ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ডোপিং করানোর। এর আগের সবচেয়ে বড় কেলেঙ্কারি ছিল যুক্তরাষ্ট্রের বালকো-কেলেঙ্কারি। যেখানে বিশাল গবেষণাগার বানিয়ে দেওয়া হতো ডোপ।

এই সব আধুনিক ওষুধ কিংবা ওই প্রাচীন গাধার খুর সবকিছুর কাজ কিন্তু একটি—রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়িয়ে দেওয়া, যাতে খেলোয়াড় বাড়তি শক্তি পান। রক্তে এভাবে কৃত্রিমভাবে লোহিত কণিকার রক্ত বাড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টার ফল কিন্তু ভালো নয়। হৃদ্‌রোগ কিংবা স্ট্রোকের ঝুঁকি নিশ্চিতভাবেই বেড়ে যায়। নিষিদ্ধ ওষুধ নিয়ে অ্যাথলেটের মৃত্যুর ঘটনাও তো কম নয়। ১৯৮৬ সালে এক সাইক্লিস্ট নিজের গতি বাড়াতে হেরোইন ও কোকেনের মিশ্রণ নিয়েছিলেন, কাজ হয়নি, উল্টো দ্রুতগতিতে মৃত্যুবরণ করেছেন। ১৯০৪ অলিম্পিকে ইঁদুরের বিষ ও ব্রান্ডি মিশিয়ে ম্যারাথনে দৌড়েছিলেন টমাস হিক। সোনা জিতেছিলেন ঠিকই, তবে এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়েছেন বেশ কিছুদিন।

এমন নয় যে, ডোপপাপীরা এসব ঝুঁকির কথা জানেন না, কিন্তু খ্যাতি ও সাফল্যের লোভ এ ক্ষেত্রে তাঁদের অন্ধ করে ফেলে। সে জন্যই ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সব সময় এক ধাপ পিছিয়েই থাকে। সোনার স্বপ্ন, নাকি মৃত্যুর হাতছানি—এমন কঠিন প্রশ্নেও যে অধিকাংশ অ্যাথলেট পিছু হটেন না! সূত্র: এএফপি।