মৃত্যুর হুমকিতে ছিলেন ভার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্লদিও রানিয়েরি যে লেস্টার সিটি থেকে বরখাস্ত হলেন, সেটিতে তাঁর ভূমিকা দেখেন অনেকে। গত মৌসুমে লেস্টার রূপকথার নায়ক জেমি ভার্ডি তাই এখন খলনায়ক। এমনই যে, রানিয়েরি ছাঁটাই হওয়ার পর মৃত্যুর হুমকিও পেয়েছেন লেস্টারের ইংলিশ স্ট্রাইকার।
যদিও ইতালিয়ান কোচের বরখাস্ত হওয়ার পেছনে নিজের কোনো ভূমিকা অস্বীকার করছেন ভার্ডি, ‘একটা খবর পড়েছিলাম যে সেভিয়া ম্যাচের পরই (চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ) নাকি দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের মালিকের বৈঠক হয়েছে রানিয়েরির ব্যাপারে। বলা হচ্ছিল, আমিও সেখানে ছিলাম। কিন্তু ডোপ টেস্টের জন্য তো আমি তিন ঘণ্টা বাইরেই ছিলাম।’
ওই খবর ছাপা হওয়ার পরই শুরু হয় মৃত্যু-হুমকি, ‘মানুষ প্রতিবেদনটা পড়েছে। বিশ্বাসও করেছে। এরপর থেকেই পরিবার, বাচ্চাকাচ্চা—সবকিছু নিয়ে মৃত্যু-হুমকি শুরু হলো। সামাজিক মাধ্যম, রাস্তায় চলার সময়...কোথায় ছিল না! সত্যি বলতে প্রতি সপ্তাহেই হুমকি পাচ্ছি।’ এএফপি।