মেইলুটাইটের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ডের দিকে তাকানোর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, ঠিক বিশ্বাস হচ্ছে না তাঁর। যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। পদক-মঞ্চে দাঁড়ানোর সময়ও সেই ঘোরেই। সবাইকে অবাক করে দিয়ে হু হু করে কেঁদে ফেললেন। আবেগ লুকিয়ে রাখতে পারলেন না। কী আশ্চর্য, যে মুখে শ্রাবণের মেঘ ছিল, খানিক বাদেই আবার হিহি হাসিতে উজ্জ্বল সেই একই মুখ। আবেগের এই রৌদ্র-ছায়ার খেলা দেখেই বোঝা যাচ্ছিল, তাঁর বয়স যে মাত্র ১৫ বছর।১৫ বছর বয়সেই একটা ইতিহাস গড়েছেন রুটা মেইলুটাইট। অলিম্পিকে গত ৪০ বছর বয়সে এত কম বয়সে সাঁতারে সোনা জেতেনি আর কেউই। সর্বশেষ কীর্তিটা ছিল অস্ট্রেলিয়ার শেন গৌল্ডের, ১৯৭২ মিউনিখ অলিম্পিকে। পরশু ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন রেবেকা সনিকে হারিয়ে চমকটা দিয়েছেন লিথুয়ানিয়ার এই কিশোরী। ১ মিনিট ৫.৪৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। রেবেকার চেয়ে এক সেকেন্ডের আট শ ভাগের এক ভাগ সময় কম নিয়েছেন! বোঝাই যাচ্ছে, লড়াইটা হয়েছে কেমন।ইংল্যান্ডের প্লাইমাউথের একটি স্কুলে পড়েন। কোচও একজন ব্রিটিশ। ফলে লিথুয়ানিয়ার মেয়ে হলেও ব্রিটিশদেরও বড় সমর্থন পেয়েছেন। পরশু অ্যাকুয়াটিকস সেন্টারে তুমুল করতালিতে আবেগাক্রান্ত অশ্রুসজল হয়ে পদক পরেছেন গলায়। পরে বলেছেন, ‘এই রেসে আমি আমার সবটুকু শক্তি দিয়েছি। এখনো বিশ্বাস হচ্ছে না। আমি বিস্মিত। পদক-মঞ্চে যখন কাঁদতে শুরু করলাম, ঠিক তখনই বুঝতে পেরেছি এই অর্জন কত বড়। এর মাহাত্ম্য আমার কাছে অনেক। আমি সত্যিই গর্বিত।’লিথুয়ানিয়াও তাঁর জন্য গর্বিত। সাবেক সোভিয়েত দেশটির ইতিহাসে সাঁতারে সোনাজয়ী প্রথম ক্রীড়াবিদও তিনি। মেইলুটাইটের এই কীর্তি যে কতটা অপ্রত্যাশিত, সেটা বোঝা যাবে এই তথ্য থেকেও—অলিম্পিকে এসেছিলেন যখন, তাঁর সেরা টাইমিং ছিল ১ মিনিট ৭.২০ সেকেন্ড। অর্থাৎ, পরশু ফাইনালে নিজের সেরা টাইমিংটা এক ধাক্কায় ১.৭৩ সেকেন্ড কমিয়ে এনেছেন! সনিও বিস্মিত। তবে এই বিশ্ব চ্যাম্পিয়ন পুরো কৃতিত্বও দিলেন, ‘অবশ্যই এটা একটা চমক ছিল। তবে বাছাইয়ে ও যেভাবে সাঁতরেছে, তখনই অনুমান করেছিলাম, ও শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দেবে। ১৫ বছরে এমন কিছু করে ফেলাটা সত্যিই বিস্ময়কর। ওর পাশে সাঁতরানোটাও ছিল সম্মানের। ভবিষ্যতে ও নিশ্চয়ই আরও ভালো করবে।’ এএফপি।