মেইলুটাইটের রেকর্ড

শুরু হয়ে গেল রেকর্ড গড়ার খেলা। বার্সেলোনা সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রেকর্ডটা গড়লেন রুটা মেইলুটাইট। ফাইনালে অবশ্য নয়, পরশু লিথুনিয়ার ১৬ বছর বয়সী মেয়ে রেকর্ড করেছেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালে। গত বছর লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে সোনাজয়ী মেইলুটাইট ১ মিনিট ৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছেন জেসিকা হার্ডির চার বছরের পুরোনো রেকর্ড। ২০০৯ সালে হার্ডি সময় নিয়েছিলেন ১ মিনিট ৪.৪৫ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী সাঁতারু অবশ্য রেকর্ডটা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিলেন গতকালই। মেইলুটাইটের সঙ্গে ফাইনালে উঠেছেন হার্ডিও।
হার্ডি কী এক দিনের ব্যবধানেই রেকর্ডটা আবার নিজের করে নিতে পেরেছেন? নাকি তাঁকে আরেকবার হতাশ করে মেইলুটাইট দেশকে উপহার দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম সোনা? ফাইনালে যাই হোক, তার আগে বিশ্ব রেকর্ড গড়তে পেরেই মেইলুটাইট উচ্ছ্বসিত। বলেছেন, বিশ্ব রেকর্ডটা তাঁর আজন্ম স্বপ্ন ছিল, যার গুরুত্ব সোনার চেয়েও বেশি, ‘সব সময়ই বিশ্ব রেকর্ড করাটা আমার স্বপ্ন ছিল। অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জিততে পারলে সে হবে সোনায় সোহাগা।’ এএফপি।