মেওয়েদারীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লয়েড মেওয়েদার জুনিয়রকে নিয়ে অনেক গল্প। ভ্রমণ করেন নিজের ব্যক্তিগত বিমানে। তাঁর নিরাপত্তারক্ষীদের জন্যও থাকে আলাদা বিমান। কেনার পর অন্তর্বাস এবং পায়ের মোজা একবারই পরেন দ্বিতীয়বার নয়। এমন অনেক গল্পই আছে তাঁকে নিয়ে। আমেরিকান এই বক্সার সম্পর্কে এবার নতুন একটা গল্প বললেন সাবেক বক্সার ব্রিটেনের রিকি হ্যাটন। ২০০৭ সালে রিংয়ে মুখোমুখি হওয়ার আগে এক বাণিজ্যিক প্রচারণায় অংশ নিতে পৃথক ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক যাচ্ছিলেন দুজন। হ্যাটনকে বহনকারী বিমানটা মেওয়েদারের ব্যক্তিগত বিমানের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। এ নিয়ে ক্ষুব্ধ মেওয়েদার তাঁর পাইলটকে নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক তাঁর বিমানটি যেন আগে অবতরণ করে। তো ঘটনাটা হ্যাটন জানলেন কীভাবে? ব্রিটিশ বক্সারের দাবি, দুই বিমানের পাইলটদের মধ্যে রেডিওতে যোগাযোগ ছিল। মেওয়েদার যখন তাঁর পাইলটদের অশ্লীল ভাষায় আগে অবতরণের নির্দেশ দিচ্ছিলেন, সেটি তাঁকে বহনকারী বিমানের পাইলট স্পিকারের মাধ্যমে শুনিয়েছেন! ইয়াহু নিউজ।