মেক্সিকান স্ট্রাইকারদের সমীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যেন ১১ জুনের সংবাদ সম্মেলনের ডিয়েগো ম্যারাডোনা। আজ মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে গতকাল আর্জেন্টিনা দলের নিয়মিত সংবাদ সম্মেলন হলো। এখানে আর্জেন্টিনা কোচ কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনে যেভাবে কথা বলেছিলেন, ঠিক একইভাবে।‘আমার হাত ঘামছে, নার্ভাস লাগছে’—নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগের সংবাদ সম্মেলনে বলেছিলেন ম্যারাডোনা। কাল বলেছেন মেক্সিকোকে নিয়ে তাঁর বড্ড দুশ্চিন্তা হচ্ছে, ‘মেক্সিকোর রাফায়েল মার্কেজ আছে, আন্দ্রেস গুয়ার্দাদো, জিওভানি ডস সান্টোসের মতো খেলোয়াড় তাদের হাতে। এরা আমাদের একটু চিন্তায়ই ফেলে দিয়েছে বলতে হবে।’প্রবল প্রতাপ নিয়েই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচই জিতেছে দুর্দান্ত ফুটবল খেলে। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো...ইউরোপের বিভিন্ন লিগের সেরা সব স্ট্রাইকার নিয়ে সাজানো ম্যারাডোনার আক্রমণভাগ। সবাই ফর্মে আছেন। অন্যদিকে মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে উঠেছে একটি মাত্র ম্যাচ জিতে। বাকি দুই ম্যাচের একটিতে হেরেছে, একটি করেছে ড্র।এমন দুর্দান্ত একটি দল নিয়েও এই মেক্সিকোকে ভয় কেন ম্যারাডোনার? মেক্সিকোর আক্রমণভাগে যে রয়েছে দারুণ এক জুুটি। ব্লাঙ্কো-ফ্রাঙ্কো জুটিকে কীভাবে সামলাবে আর্জেন্টিনার রক্ষণ, ম্যারাডোনার উদ্বেগ তা নিয়েই। আর তাই নিজের একাদশ নিয়ে না ভেবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের একাদশ নিয়েই বেশি কথা বললেন ম্যারাডোনা, ‘ওরা আসলে কেমন দল খেলাবে, এটা জানা অসম্ভব। কাল (পরশু) এক রকম খবর পেয়েছিলাম, আজ সকালে (কাল) পেলাম অন্য রকম। আমি ঠিক জানি না ব্লাঙ্কো খেলবে কি না, ফ্রাঙ্কোকেই বা ওরা নামাবে কি না। আমি অবশ্য আশা করব, ফ্রাঙ্কোকে মেক্সিকো যেন না খেলায়। কারণ বাতাসে সে দারুণ ভালো খেলোয়াড়!’ম্যারাডোনা কখনো সাধু-সন্তর মতো কথা বলছেন, কখনো কথার বাণে ঘায়েল করছেন প্রতিপক্ষকে। কালকের সংবাদ সম্মেলনের প্রথম ভাগটা সাধু-সন্ত হয়েই ছিলেন আর্জেন্টিনার কোচ। মেক্সিকোর খেলোয়াড়দের পর কোচ হাভিয়ের আগুইরেকে প্রশংসায় ভাসালেন, ‘আমি তাকে (আগুইরে) খুব শ্রদ্ধা করি। কুন (সার্জিও আগুয়েরো) ও ম্যাক্সি রদ্রিগেজকে নিয়ে তার সঙ্গে আমি অনেক সময় ধরে কথা বলেছি (আগুইরে তখন অ্যাটলেটিকো মাদ্রিদে ছিলেন)। এই ভদ্রলোকের ক্যারিয়ারটা দুর্দান্ত। সে গ্রেট কোচ। মেক্সিকোকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে এসেছে।’এ পর্যন্ত বলে হয়তো ম্যারাডোনার মনে পড়ল, এবার তাঁর নিজের দল নিয়েও কিছু বলা দরকার। মেসি-হিগুয়েইনদের নিয়ে তাই বলতে শুরুলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। দলের মধ্যে খুঁটিনাটি অনেক কিছু ঠিক করে নেওয়ার ব্যাপার তো সব সময় থাকবেই। তবে আপনার দেশের মানুষের কাছে কোনো পাত্তা না থাকার পর বিশ্বকাপে এসে টানা তিনটি জয়ের পর মনোযোগ ধরে রাখাটা সহজ নয়।’এর পরই সাধু-সন্ত ম্যারাডোনা বদলে গেলেন। গজগজ করলেন রাগে, ‘মানুষ বলছিল, আমরা ভয়ানক অবস্থায় আছি। কেউ কেউ বলেছে, তাদের দেখা সবচেয়ে বাজে দল। কিন্তু এখন আমরা টানা তিনটি ম্যাচ জিতলাম। সেই একই খেলোয়াড় নিয়ে। খেলোয়াড়দের প্রতি সংবাদমাধ্যমের এই অশ্রদ্ধা আমাকে রাগে পাগল করে দেয়।’এ পর্যন্ত বলেই এ-যাত্রা রাগের ইতি টানলেন ম্যারাডোনা। হয়তো মাঠে আরও একটা ভালো পারফরম্যান্সেই জবাব দেওয়ার জন্য তুলে রাখলেন সেটা! এএফপি।