মেক্সিকান 'যিশু'

জয়ের সমান ড্রয়ের পর যখন ফোর্তালেজার মাঠে ল্যাপ অব অনার দিচ্ছে মেক্সিকো, ফুটবল-বিশ্বে তখন ‘ওচোয়া’ তোলপাড়। কোবি ব্রায়ান্ট ততক্ষণে টুইট করেছেন, ‘ওচোয়া! অবিশ্বাস্য...।’ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সরগরম ওচোয়া-বন্দনায়। পয়েন্ট হারানোর দুঃখ পাশে রেখে গ্যালারির ব্রাজিলিয়ানরাও দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। টিভি পর্দার সামনে তখনো ঘোর লাগা চোখে তাকিয়ে শতকোটি দর্শক। আর ওচোয়ার উইকিপিডিয়ার পাতায় ততক্ষণে কেউ একজন পরিচয় লিখে দিয়েছে, ‘মেক্সিকান যিশু!’ অন্তত পরশু রাতের জন্য সেটিকে খুব বাড়াবাড়িও মনে হচ্ছিল না!
স্তািদও কাস্তেলোতে পরশু যেন স্বয়ং ফুটবল ঈশ্বরই ভর করেছিলেন গিলের্মো ওচোয়ার মাঝে। গর্ডন ব্যাঙ্কসকে মনে করিয়ে দেওয়া সেভে গোলবঞ্চিত করলেন নেইমারকে, থিয়াগো সিলভা-পাওলিনহোদের সামনে দাঁড়িয়ে গেলেন দেয়াল হয়ে, বিস্ফারিত চোখে ব্রাজিলিয়ানরা দেখল অবিশ্বাস্য সব সেভ। ম্যাচসেরার স্বীকৃতি তো সামান্যই, পরশু রাতে অন্তত মেসি-রোনালদো-নেইমার নন, বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলার ওচোয়া। তবে মাঠ আর ড্রেসিং রুমের উৎসব শেষে যখন হোটেল রুমে ফিরে গা এলিয়ে দিলেন বিছানায়, ভালো লাগার অনুভূিতগুলোর সঙ্গে মেক্সিকান গোলকিপারের মনে নিশ্চয়ই হানা দিয়েছে গত কিছুদিনের নিত্য দুশ্চিন্তাটিও। কী রেখেছে ভবিষ্যৎ?
অবিশ্বাস্য হলেও সত্যি, সময়ের আলোচিত মেক্সিকান নায়কের এখন কোনো ক্লাব নেই! গত তিন বছর খেলেছেন ফ্রেঞ্চ ক্লাব এসি আজাকসিওতে। কিন্তু এবার আজাকসিও নেমে গেছে দ্বিতীয় বিভাগে। ক্লাবের সঙ্গে ওচোয়ার চুক্তিও শেষ। অখ্যাত এই ক্লাবে তিন বছর ধরে খেলার পেছনেও আছে একটি গল্প। নিজ দেশের ক্লাব আমেরিকায় সাত বছর খেলার পর ২০১১ সালে পাড়ি জমান ফ্রান্সে। কিন্তু কিছুদিন পরই ডোপ টেস্টে ধরা পড়েন চার মেক্সিকো সতীর্থের সঙ্গে। জাতীয় দল থেকে বাদ দেওয়া হলো, ক্লাব ক্যারিয়ারও টালমাটাল। বছর খানেক পর প্রমাণ হলো, স্টেরয়েড-মিশ্রিত দূষিত মাংস খেয়েছিলেন বলেই ডোপ টেস্টে ধরা পড়েছিল স্টেরয়েড ক্লিনবিউটেরল। মেক্সিকো ফুটবল ফেডারেশন মুক্তি দিল ওচোয়াকে, তত দিনে হারিয়ে গেছে অনেক মূল্যবান সময়। ডোপ-বিতর্কের আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ক্লাব তাঁকে পেতে লড়ছিল। কিন্তু েডাপ টেস্টে ধরা পড়ায় আর এগোয়নি কেউই।
ফ্রেঞ্চ ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ছিল এক বছরের। চাইলেই চলে যেতে পারতেন নতুন কোনো ক্লাবে। কিন্তু ডোপ-বিতর্কের সময় দারুণভাবে পাশে পেয়েছিলেন ক্লাবকে। সেটার প্রতিদান দিতেই ওই মৌসুমে থেকে গেলেন ছোট্ট ক্লাবটিতে। ভালোবাসার সম্পর্ক এমনই মজবুত হলো যে থেকে গেলেন পরের মৌসুমেও। খেলেছেনও দুর্দান্ত, একাই ক্লাবের সম্মান বাঁচিয়েছেন ম্যাচের পর ম্যাচ। গত আগস্টেই ফ্রেঞ্চ লিগের এক ম্যাচে বাঁচিয়েছিলেন ১৩টি গোল! বিভাগে না নামলে হয়তো এবারও থেকে যেতেন কর্সিকা দ্বীপের ক্লাবটিতে।
বিশ্বকাপের সঙ্গেও একটা হিসাব চুকানোর ছিল ২৮ বছর বয়সী গোলকিপারের। ফুটবল-বিশ্বের অনেকে হয়তো জানেনও না, গত দুটি বিশ্বকাপেও কিন্তু ছিলেন ওচোয়া। তবে দুবারই স্রেফ গরম করেছেন ডাগআউট। ২০০৬ বিশ্বকাপে রিকার্ডো লাভোলপের মেক্সিকো দলে ছিলেন তৃতীয় গোলকিপার। গত বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় মূল টুর্নামেন্টে এসে কোচ হুগো সানচেজ বিতর্কিতভাবে মেক্সিকোর গোলবারে খেলিয়ে গেলেন অস্কার পেরেজকে। এবারও কোচ মিগুয়েল হেরেরারও প্রথম পছন্দ ছিলেন না ওচোয়া। দুই অভিজ্ঞ হোসে ডি করোনা আর আলফ্রেদা তালাভেরা ছিলেন। বিশ্বকাপের আগে ট্রেনিং ক্যাম্পে কোচকে খুশি করার পরই কেবল ওচোয়ার জায়গা মিলেছে একাদশে।

ক্যামেরুনের বিপক্ষে িবশ্বকাপ অভিষেক, পরশু ‘বিশ্বজয়’। এখনো অক্ষত ওচোয়ার জাল। উচ্ছ্বাসটাও তাই আকাশছোঁয়া, ‘এটাই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ কি না? কোনো সন্দেহ নেই! বিশ্বকাপের মতো আসরে, ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিলের মাটিতে এমন পারফরম্যান্স, এর চেয়ে ভালো কিছু কল্পনাও করতে পারি না।’
অভাবনীয় কিছু অপেক্ষা করছে হয়তো সামনেও। ওচোয়ার দুয়ারে হয়তো দেখা যাবে ইউরোপের কোনো দৈত্য ক্লাবকে! রয়টার্স, ওয়েবসাইট।