মেক্সিকোর দুঃখ ও মেক্সিকান প্রবাদ
এই বিশ্বকাপের গায়ে দেখছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকা উচিত—হৃদ্রোগীদের দেখা নিষেধ!
যা হচ্ছে, দুর্বল হৃদ্যন্ত্র নিয়ে তা দেখা আসলেই বুদ্ধিমানের কাজ নয়। এমনিতে নকআউট পর্বে এই জাতীয় ম্যাচ অস্বাভাবিক কিছু নয়। ধাক্কাটাও এখানে জোরে লাগে, নকআউট নাম তো এ কারণেই! নইলে ইতালি, স্পেন ও ইংল্যান্ডের বিশ্বকাপ প্রথম রাউন্ডেই শেষ হয়ে যাওয়ার চেয়ে দ্বিতীয় রাউন্ড থেকে চিলি ও মেক্সিকোর বিদায় নিশ্চয়ই বড় নয়? পার্থক্য হলো, প্রথম রাউন্ডে ওই বিদায় এক ম্যাচের ঘটনা নয়। আগে থেকেই আভাস ছিল, মানসিক প্রস্তুতি নেওয়ার সময়ও মিলেছে। নকআউট পর্বে আকস্মিকতার ধাক্কাটা অনেক বেশি। জয়ের আনন্দ ও পরাজয়ের বেদনাও।
নকআউট পর্বে একটি-দুটি ম্যাচ অমন হয়ই। কিন্তু তাই বলে প্রথম দুই দিনের চার ম্যাচের তিনটিতেই
অমন রুদ্ধশ্বাস নাটক? না, বিশ্বকাপ এর আগে এমন দেখেছে বলে মনে হয় না। ব্রাজিল-চিলির মতো কোস্টারিকা-গ্রিসও টাইব্রেকারে গেল। হল্যান্ড-মেক্সিকো টাইব্রেকারে না গিয়েও যেন নাটকীয়তায় টাইব্রেকার ছাড়ানো।
অন্য ম্যাচটিতে সেই অর্থে নাটক-টাটক নেই। তার পরও সেটি স্মরণীয় হয়ে আছে জেমস রদ্রিগেজ নামের এক তরুণের সদর্প আবির্ভাবে। গ্রুপপর্বের তিন ম্যাচে তিন গোল, দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ—এসব মনে রেখেই ‘আবির্ভাব’ শব্দটি লেখা। উরুগুয়ের বিপক্ষে ওই দুটি গোলেই তো আসলে সত্যিকার এক তারকা হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভাব হলো ঝলমলে ওই কলম্বিয়ান তরুণের।
এই লেখা যখন লিখছি, ফ্রান্স-নাইজেরিয়া ম্যাচ শুরু হতে চার ঘণ্টা বাকি। জার্মানি-আলজেরিয়া শুরু হতে আট ঘণ্টা। আপনি যখন পড়ছেন, ততক্ষণে জেনে গেছেন নকআউট পর্বের তৃতীয় দিনটিও একই রকম নাটকীয়তার জন্ম দিল কি না। সেটি জানার আগ পর্যন্ত প্রথম দুই দিনের ঘোরেই সবার আবিষ্ট থাকার কথা।
বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষজনের প্রিয় দলের প্রতি আবেগ দুকূল ছাপিয়ে যায়। তাদের হৃদ্যন্ত্র নিয়ে ভয়ও তাই অমূলক নয়। তা হলে একবার ভেবে দেখুন, চিলিয়ান আর মেক্সিকানদের কী অবস্থা! তাদের তো নিজের দেশ। চোখের সামনে নাচতে থাকা স্বপ্নটা হঠাৎই অদৃশ্য হয়ে যাওয়ায় কেমন লেগেছে!
ম্যাচ টাইব্রেকারে গেলে হাসি-কান্নার ওই নাটক প্রত্যাশিতই। কেউ নায়ক হবে, কেউ বা খলনায়ক। গোলরক্ষকেরা এক অর্থে নিরাপদ। ঠেকাতে পারলে হিরো, না পারলে নাই। কিন্তু যাঁরা পেনাল্টি নেন? তাঁদের তো শুধুই হারানোর ভয়। শট নেওয়ার সময় মুখগুলো ভালোভাবে দেখলেই বুঝবেন, ফুটবলে টাইব্রেকারের মতো নিষ্ঠুর আর কিছু নেই। অন্য কোনো খেলাতেও কি আছে?
টাইব্রেকারে এক দলকে হারতেই হয়, চিলির দুঃখ থাকলেও হয়তো আছে এই সান্ত্বনাও। কিন্তু মেক্সিকো? এই তো শেষ বাঁশি বাজল বলে ভাবতে ভাবতেই ২ গোল খেয়ে বসা! যার দ্বিতীয়টি আবার শেষ মিনিটের পেনাল্টিতে! যা দেখতে দেখতে মেক্সিকান ফুটবলের পুরোনো প্রবাদটার কথা আবার মনে পড়ল।
ফুটবলে মেক্সিকানদের আগে থেকেই দুঃখের সাগরে বাস। সর্বশেষ এই বিপর্যয়ে সেটিতে আরেকটু বেশি ঢেউ উঠল, এই যা! এই নিয়ে টানা ষষ্ঠবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়। সেটি নিয়ে অনুযোগ করার কিছু থাকত না, যদি মেক্সিকো এর অনেকগুলোতেই ভালো খেলেও নেহাত দুর্ভাগ্যের কারণেই না হারত। ১৯৯৪ বিশ্বকাপে বুলগেরিয়ার কাছে ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে হার। পরের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এগিয়ে গিয়েও নিজেদের ভুলে সেই গোল শোধ হয়ে গেল। পরে জার্মানিই জিতে গেল ২-১-এ।
গত দুটি বিশ্বকাপেই মেক্সিকো থেমেছে আর্জেন্টিনার কাছে হেরে। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপের পরাজয়টাও এবারের মতোই হৃদয় এফোঁড়- ওফোঁড় করে দেওয়া। ম্যাচের শুরুতেই রাফায়েল মার্কেজের (হ্যাঁ, পরশুর মার্কেজই) গোলে এগিয়ে যাওয়ার পরও মেক্সিকো তেড়েফুঁড়ে আক্রমণ করে গেছে। গোলটা শোধ হয়ে যাওয়ার পর তো আরও। অতিরিক্ত সময়ও শেষের বাঁশি বেজে ম্যাচ যখন টাইব্রেকারে যাওয়ার অপেক্ষায়, ম্যাক্সি রদ্রিগেজ দুর্দান্ত এক ভলিতে অসাধারণ এক গোল করে হারিয়ে দিলেন মেক্সিকোকে। সম্ভবত ওই বিশ্বকাপের সেরা গোল, পরে যেটি সম্পর্কে রদ্রিগেজ বলেছিলেন, ‘এভাবে মারলে বেশির ভাগ সময়ই বল চলে যায় গ্যালারিতে। আমার ভাগ্য ভালো, সবকিছু এমন নিখুঁত হয়েছে।’ ‘ভাগ্য ভালো’ হবেই, কারণ প্রতিপক্ষ যে দুর্ভাগা মেক্সিকো। ওই ম্যাচের পর বোরা মিলুটিনোভিচের মতো ফুটবলের সব দিক দেখে ফেলা কোচও তাঁর সাবেক দলের এমন ভাগ্যবিড়ম্বনা মানতে পারছিলেন না, ‘বড় নিষ্ঠুর খেলা! বড় নিষ্ঠুর!’
মেক্সিকান যে প্রবাদের কথা বলছিলাম, সেটিও জেনেছিলাম ওই ম্যাচ শেষেই। হারার পর তো মন খারাপ হবেই, কান্নাকাটিও, তবে মেক্সিকান সমর্থকেরা এমনিতে খুব আমুদে। দল বেঁধে ড্রাম-বিউগল-বাঁশি বাজাতে বাজাতে স্টেডিয়ামে আসে। বিচিত্র সব সাজপোশাকের সঙ্গে দর্শনীয় হয়ে থাকে মাথায় বিশাল সব মেক্সিকান হ্যাটও। লাইপজিগে আর্জেন্টিনার বিপক্ষে ওই পরাজয়ের পর অমন বিশাল হ্যাট মাথায় এক মেক্সিকানই বলেছিলেন প্রবাদটা—Jugamos como nunca, perdimos como siempre.
ইংরেজিতে অর্থটাও বুঝিয়ে দিয়েছিলেন। যার বঙ্গানুবাদ এ রকম—আমরা আগে যা খেলিনি তা-ই খেলেছি, কিন্তু বরাবরের মতোই হেরেছি।
প্রবাদ তো আর এক দিনে তৈরি হয় না। মেক্সিকান ফুটবল নিয়ে ওই প্রবাদটার জন্মও অনেক অনেক বছরের অভিজ্ঞতায়। মেক্সিকো যেন এখন বিশ্বকাপে আসে সেই প্রবাদটাকে সত্যি প্রমাণ করতেই!