মেক্সিকো কেন দ্বিতীয় রাউন্ডে আটকে যায়?

‘Jugamos como nunca, perdimos como siempre।’ স্প্যানিশ বাক্যটির অনুবাদ, ‘আমরা আগে যা খেলিনি তা-ই খেলেছি। কিন্তু বরাবরের মতো হেরেছি।’ ফুটবলে এটি ‘মেক্সিকান প্রবাদ’ হিসেবেই বিবেচ্য। প্রতি বিশ্বকাপে এই প্রবাদ সত্যি প্রমাণ করতেই যেন মেক্সিকোর আসা। দ্বিতীয় রাউন্ডে ওঠা, এরপর দারুণ খেলে বিদায় নেওয়া—গত ২০ বছর মেক্সিকানরা এ দৃশ্য দেখতে দেখতে হতাশ-ক্লান্ত!
১৯৭০ ও ১৯৮৬—ঘরের মাঠে অনুষ্ঠিত এ দুটো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেক্সিকো। ১৯৯০ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হয়নি। এরপর ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪—টানা ছয়টি বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। কিন্তু বাধাটা পেরোতে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপে মেক্সিকোর ‘সর্বনাশ’ হয়েছিল বুলগেরিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে। ১৯৯৮ বিশ্বকাপে জার্মানি, ২০০২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে পরপর দুবার আর্জেন্টিনা আর এবার হল্যান্ড। মেক্সিকোর নিয়তি যেন দ্বিতীয় রাউন্ডেই বাঁধা!
ব্রাজিলকে হারিয়ে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী মেক্সিকোর স্বপ্ন নিশ্চয় দ্বিতীয় রাউন্ডেই সীমাবদ্ধ ছিল না। সোনাজয়ী দলের ১০ তরুণ-তুর্কির এই দলের কাছে প্রত্যাশার সীমাটা ছিল আরও বিস্তৃত। প্রথম পর্বের তিন ম্যাচে দারুণ খেলেই দ্বিতীয় পর্বে উঠেছিল মেক্সিকো। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ‘জয় সমতুল্য’ ড্র আত্মবিশ্বাসের পারদ তুলে দিয়েছিল অনেক ওপরে। গোলরক্ষক গিলের্মো ওচোয়াও স্বপ্ন দেখিয়েছিলেন তাঁর দেশকে। ব্রাজিলকে প্রায় একাই ঠেকিয়ে দেওয়া এই গোলরক্ষকও কাল নিয়তির কাছে আত্মসমর্পণ করলেন।
গতকাল হল্যান্ডের বিপক্ষেও ওচোয়ার পারফরম্যান্স ছিল দেখার মতো। ৮৭ মিনিটে ওয়েসলি স্নাইডারের দুর্দান্ত গোলের পরও স্বপ্ন জিইয়ে ছিল মেক্সিকানদের। এরপর আরিয়েন রোবেনের মারফত ডাচরা বিতর্কিত পেনাল্টি নিয়ে কেড়ে নিল মেক্সিকান স্বপ্ন। আর কত কাঁদতে হবে মধ্য আমেরিকার এই ফুটবল-পাগল দেশটিকে!
এ বিদায়ের পেছনে কোচ মিগুয়েল হেরেরা দায়ী করেছেন বাজে রেফারিংকেই। শুধু গতকালের ম্যাচই নয়; হেরেরার মতে, এ বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের তিনটিতেই বাজে রেফারিংয়ের শিকার মেক্সিকো, ‘বিশ্বকাপে সবকিছুই মেক্সিকোর বিপক্ষে যায়। আমরা চার ম্যাচের তিনটিতেই ‘‘রেফারি-দুর্যোগ’’-এর শিকার। বুঝি না, কেন একই কনফেডারেশনের (ইউরোপ) রেফারি আমাদের ম্যাচে দেওয়া হয়? কেন আফ্রিকান, এশিয়ান কিংবা দক্ষিণ আমেরিকান থেকে দেওয়া হয় না? সব সন্দেহজনক সিদ্ধান্ত মেক্সিকোর বিপক্ষে যায়। দুর্ভাগ্য আমাদের, প্রত্যাশা পূরণ হলো না।’
হল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর পরাজয়ের পেছনে অভিজ্ঞতা, ইতিহাসও কি বেশ খানিকটা দায়ী নয়? কীভাবে দ্বিতীয় রাউন্ডের গেরো পার হতে হয়, এটি নিশ্চয় মেক্সিকানদের চেয়ে তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলা ডাচদের ভালোভাবে জানা। এ কারণেই হয়তো গ্রুপ পর্বে নিষ্প্রভ স্নাইডার বারুদের মতো জ্বলে ওঠেন বাঁচা-মরা ম্যাচের অন্তিম মুহূর্তে। অন্যদিকে পুরোটা সময় দারুণ খেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে জেতা ম্যাচ হাতছাড়া করেন রাফায়েল মার্কেজরা। রোবেনের ফাউলটা যতই বিতর্কের রসদ জোগান দিক না কেন, দিন শেষে বিজয়ীর নাম হল্যান্ডই।
মেক্সিকানদের এ ‘দ্বিতীয় রাউন্ড দুঃখে’র শেষ কোথায়?