মেক্সিকো দলে দুই 'বুড়ো'
কার্লোস সালসিদো নিজেও কী ভাবতে পেরেছিলেন এভাবে খুলে যাবে তাঁর স্বপ্নের দুয়ার? কী ভেবেছিলেন সেটা বড় কথা নয়। বাস্তবতা হলো, মেক্সিকানদের স্বপ্নসারথি হয়ে তিনিও যাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপে। পরশু বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। তাতে ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের ডাক পাওয়াটাই সবচেয়ে বড় চমক।
কোচ হয়ে এসে হেরেরা কখনোই সালসিদোকে দলে ডাকেননি। সেই সালসিদোই সরাসরি বিশ্বকাপ দলে! ফুলহাম থেকে মেক্সিকান ক্লাব টাইগ্রেসে ধারে খেলা সালসিদোর এটি তৃতীয় বিশ্বকাপ। মেক্সিকান ঘরোয়া লিগভিত্তিক খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন হেরেরা। অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন বর্ষীয়ান ডিফেন্ডার রাফায়েল মার্কেজকে। বর্তমানে মেক্সিকোন ক্লাব লিওনে খেলা ৩৫ বছর বয়সী বার্সেলোনার সাবেক ডিফেন্ডারের এটা চতুর্থ বিশ্বকাপ। ইউরোপভিত্তিক খেলোয়াড়দের মধ্যে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হাভিয়ের হার্নান্দেজ (চিচারিতো) ও ভিয়ারিয়ালের জিওভান্নি দস সান্তোস। তবে ভিয়ারিয়ালে দস সান্তোসের সতীর্থ হাভিয়ের আকুইনো, রিয়াল সোসিয়েদাদের কার্লোস ভেলার জায়গা হয়নি হেরেরার দলে।
গত বছরের অক্টোবরে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান হেরেরা। পরে প্লে-অফে দুই লেগ মিলিয়ে নিউজিল্যান্ডকে ৯-৩ গোলে হারিয়ে ব্রাজিলের টিকিট কাটার পুরস্কার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপ পর্যন্ত। ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ক্যামেরুনের সঙ্গে ‘এ’ গ্রুপে মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৩ জুন, ক্যামেরুনের ম্যাচ দিয়ে। তার আগে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ৪৬ বছর বয়সী কোচ, ‘আমাদের দুর্দান্ত একটা দলের স্বপ্ন ছিল। বড় ধরনের বিতর্কও ছিল। তবে শেষ পর্যন্ত আমাদের সবার জন্য ভালো একটা উপসংহারে পৌঁছাতে পেরেছি। আশা করি ফল পাবই।’ এএফপি।
গোলরক্ষক: হেসুস করোনা, আলফ্রেদো তালাভেরা, গিলের্মো ওচোয়া।
ডিফেন্ডার: আন্দ্রেস গুয়ার্দাদো, পল আগিলার, ফ্রান্সিসকো রদ্রিগেজ, মিগুয়েল লাইয়ুন, হেক্টর মোরেনো, রাফায়েল মার্কেজ, দিয়েগো রেইয়েস, কার্লোস সালসিদো।
মিডফিল্ডার: হেক্টর হেরেরা, হোসে হুয়ান ভাজকেজ, কার্লোস পেনা, লুইস মন্তেস, হুয়ান কার্লোস মেদিনা, ইসাক ব্রিজুয়েলা, মার্কো ফাবিয়ান।
ফরোয়ার্ড: ওরিবে পেরালতা, হাভিয়ের হার্নান্দেজ, রাউল হিমিনেজ, জিওভান্নি দস সান্তোস, আলান পুলিদো।