মেক্সিকোকেই ‘শ্রেষ্ঠ’ মানছে ব্রাজিল
মেক্সিকোর কাছে ২-১ গোলে হার। অধরাই রইল ব্রাজিলের অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন। স্বপ্ন-ভঙ্গের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য কোনো অজুহাত দেখায়নি। কোচ মানো মেনেজেস থেকে শুরু করে দলের তরুণ তারকা নেইমার—প্রত্যেকে সোনাজয়ী মেক্সিকোকেই পুরো কৃতিত্ব দিয়েছেন।‘আমরা শুধু আমাদের প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে পারি। সোনা জয় করায় ওদের অভিনন্দন।’ গ্লোবোস্পোর্তোকে বলেছেন ৫০ বছর বয়সী মানো মেনেজেস।২০০৪ ও ২০০৮ সালে অনুষ্ঠিত অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা এবার বাছাইপর্বের বাধাই উতরাতে পারেনি। প্রতিযোগিতার শুরু থেকে ব্রাজিল খেলেছে দুর্দান্ত। সব মিলিয়ে ব্রাজিলকেই এবার ফেবারিট ভাবা হচ্ছিল। ব্রাজিলীয় ফুটবলারদের গলায় অলিম্পিক সোনা দেখার আশায় ছিলেন ভক্তরা। তবে জোড়া গোল করে সব হিসাবনিকাশ পাল্টে দিয়েছেন মেক্সিকোর ওরিব পেরালতা।মানে মেনেজেসের প্রতিক্রিয়া, ‘আমি খুব মর্মাহত। ফাইনালে পৌঁছা পর্যন্ত দুর্দান্ত খেলেছি আমরা। এবার সোনা জয় করার ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ফাইনালে নিজেদের পারফরম্যান্সের প্রতিফলন ঘটাতে পারিনি। বেশ কয়েকটা ভালো সুযোগও সৃষ্টি হয়েছিল, কিন্তু কখনোই খেলায় সমতা আনতে পারিনি আমরা।’গোল ডটকমের খবরে বলা হয়েছে, কোচের মতো নিজেদের বেদনার কথা জানিয়েছেন দুই তারকা খেলোয়াড় নেইমার ও থিয়াগো সিলভাও। একই সঙ্গে আগামী দিনে আরও ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।‘ভালো খেলেই জিতেছে মেক্সিকো। ফুটবলে হার-জিত দুই-ই থাকবে। আমরা কতটা ভালো খেলতে পেরেছি, এটা কোনো ব্যাপার নয়।’ ‘এসপ্যান ব্রাজিল’ পত্রিকাকে বলেছেন নেইমার। সান্তোস স্ট্রাইকার বলেন, ‘আমরা এখনো তরুণ, ভেঙে পড়িনি। পরবর্তী লক্ষ্যের দিকে তাকাতে হবে আমাদের।’থিয়াগো সিলভা বলেন, ‘কঠিন সময়ে সবাইকে মাথা তুলে দাঁড়াতে হবে। এই তরুণ দলের খেলোয়াড়দের পুরো জীবনটাই সামনে পড়ে আছে। আশা করছি, আগামী বছরের কনফেডারেশনস কাপ আমাদের হবে।’