মেক্সিকোর কোচ ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই। কিন্তু গত শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে হন্ডুরাসের কাছে হারটা মেনে নিতে পারেনি মেক্সিকো ফুটবল ফেডারেশন। ২-১ গোলের হারটি যে নিজেদের মাঠ অ্যাজটেকায়। যে মাঠে এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র একবারই হেরেছে মেক্সিকো। হারের ঘণ্টা খানেক পরই কোচ ডে লা তোরেকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০১১ সালে মেক্সিকো জাতীয় দলের দায়িত্ব নেন ৪৭ বছর বয়সী ডে লা তোরে।

ডে লা তোরের উত্তরসূরি করা হয়েছে তাঁরই সহকারী লুইস ফার্নান্দো তেনাকে। হঠাৎ দায়িত্ব নিয়ে তেনা নিঃশ্বাস ফেলারই সময় পাচ্ছেন না। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। আগামীকালই যে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা। যদিও একই দিনে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রও কোস্টারিকার কাছে হেরেছে ৩-১ গোলে। শুধু তা-ই নয়, নিষেধাজ্ঞা আর চোটের কারণে যুক্তরাষ্ট্রকে কাল মাঠে নামতে হবে স্ট্রাইকার জজি আল্টিডোর ও মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলিসহ দলের অন্যতম সেরা চার খেলোয়াড়কে ছাড়াই। তবে যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তি, ম্যাচ তাদের ঘরের মাঠে।

কনক্যাকাফ অঞ্চল থেকে সরাসরি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে শীর্ষ তিনটি দল। চতুর্থ দলটিকে খেলতে হবে প্লে-অফ। হন্ডুরাস-অঘটনের পর ১৪ বার বিশ্বকাপে যাওয়া মেক্সিকো কি না এখন চার নম্বরে। এএফপি।