মেক্সিকোর জয়, বিদায়ের দ্বারপ্রান্তে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল-খরা কাটানো হলো না ফরাসিদের। গতকাল মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে উল্টো বিদায়ের প্রতিধ্বনি শুনছে রেমন্ড ডমেনেখের দল। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র ও ফ্রান্সের বিপক্ষে জয়ের সুবাদে দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ খানিকটা সহজ হয়ে গেল মেক্সিকোর।১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দল ফ্রান্সকে এবারে বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করতে একেবারে নাকানি-চুবানি খেতে হয়েছে। ঘাম ঝরিয়ে বাছাইপর্বের বাধা অতিক্রম করতে হয়েছিল ফরাসিদের। তার পরও এই গ্রুপে ফ্রান্সকেই প্রথম দল হিসেবে ভাবা হচ্ছিল। আর এই গ্রুপের দ্বিতীয় স্থানটির জন্য উরুগুয়ে ও মেক্সিকো লড়বে—এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। তবে মাঠের লড়াইয়ে সব সমীকরণ পাল্টে গেছে। উরুগুয়ে ও মেক্সিকো এখন এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে। উভয়েই একটি করে জয় পেয়েছে। ড্র করেছে একটিতে। অন্যদিকে ড্রয়ের দিক থেকে উরুগুয়ে-মেক্সিকোর সমান থাকলেও তাদের মতো জয়ের স্বাদ নেওয়ার সৌভাগ্য হয়নি ফ্রান্সের।গত বছরের নভেম্বরের পর এ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে গোলের দেখা পাননি ফ্রান্সের স্ট্রাইকাররা। মেক্সিকোর বিপক্ষের ম্যাচেই স্ট্রাইকাররা গোল-খরা কাটিয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা করেছিলেন কোচ রেমন্ড ডমেনেখ। তবে তাঁর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এদিনও গোলের দেখা পাননি তাঁর স্ট্রাইকাররা। উল্টো প্রতিপক্ষের হাভিয়ের হার্নান্দেজ ও ব্লাঙ্কো গোল করে হতাশায় ডুবিয়েছেন ফরাসিদের।ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পাননি। তবে দ্বিতীয়ার্ধে যেন পাল্টে যায় মেক্সিকো। একের পর এক সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের গোলবারে আক্রমণ চালাতে থাকে মেক্সিকানরা। দলের উত্সবের সূচনাটা অবশ্য এনে দিয়েছিলেন বদলি খেলোয়াড় হিসেবে আসা হার্নান্দেজ। ৬৪ মিনিটে গোলরক্ষক হুগো লিওরিসকে হতাশ করে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন মেক্সিকোর এই স্ট্রাইকার। ৭৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্লাঙ্কো। ফ্রান্সের বিপক্ষে জয়ের নায়ক হার্নান্দেজ যেন নিজেকে ধরে রাখতে পারছেন না। ম্যাচ শেষে এই স্ট্রাইকার বলছেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এ গোল গোটা দেশের।’ অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে এসে ভাষা খুঁজে পাচ্ছেন না ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখ। হারের প্রতিক্রিয়ায় তিনি বলছেন, ‘আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। সমর্থকদের জন্য অবশ্যই এটা অনেক বেশি হতাশার।’