মেক্সিকোর দায়িত্ব ছাড়লেন আগুয়েরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের পরও ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো বা ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখ পদত্যাগ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কিন্তু সেই পথে হাঁটলেন না মেক্সিকোর কোচ হাভিয়ের আগুয়েরে। আর্জেন্টিনা ঝড়ে উড়ে গিয়ে শেষ হলো মেক্সিকোর বিশ্বকাপ স্বপ্ন। সেই সঙ্গে বিদায় নিলেন আগুয়েরে। মেক্সিকোর এ পরাজয়ের সব দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। মেক্সিকোর প্রতিটি দুর্যোগময় মুহূর্তেই কোচ হিসেবে দেখা গেছে আগুয়েরেকে। ২০০২ সালে মেক্সিকো বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরোতে পারবে কি না, তা নিয়ে যখন সংশয়াচ্ছন্ন মেক্সিকানরা, ঠিক তখনই দলের দায়িত্ব তুলে নেন তিনি। দলকে কেবল বাছাইপর্বের বাধাই পার করেননি, বিশ্বকাপে মেক্সিকোকে পৌঁছে দেন দ্বিতীয় পর্বে। এবারও বাছাইপর্ব পেরোতে বেশ ভালোই কষ্ট করতে হয়েছিল মেক্সিকোকে। হন্ডুরাসের কাছে হেরে যাওয়ার পর সভেন গোরান এরিকসনের কাছ থেকে দ্বিতীয়বারের মতো মেক্সিকোর দায়িত্ব নেন আগুয়েরে। এবার তার লক্ষ্য ছিল একধাপ এগিয়ে যাওয়ার। কিন্তু তাঁর সেই স্বপ্নে বাঁধ সাধলো মেসি-তেভেজ-হিগুয়েইনের দুর্দান্ত পারফরমেন্স। মেক্সিকোর কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরও একবার স্বপ্নই থেকে গেল। ‘আমার লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কিন্তু এটা যখন হলো না, তখন আমার পক্ষে কোচের দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না, বলেছেন আগুয়েরে। এখন মেক্সিকান লিগের শিরোপা জেতা তোলুকার কোচ জোসে মানুয়েল ডে লা তোরেকে মেক্সিকোর পরবর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে বলে ধারণা করছে মেক্সিকান সংবাদমাধ্যমগুলো। তবে ভবিষ্যতে আবারও হয়তো বিপর্যস্ত মেক্সিকো দলের দায়িত্ব নিতে হতে পারে আগুয়েরেকে। তিনি যে মেক্সিকোর দুঃসময়ের কান্ডারি।