মেক্সিকোর প্রতি ম্যারাডোনার সতর্কবার্তা
দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত কোনো দলই তাদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মেসিদের এই নজরকাড়া পারফরম্যান্স আত্মবিশ্বাস ক্রমেই বাড়িয়ে দিচ্ছে ডিয়েগো ম্যারাডোনার। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ের আগে তাই মেক্সিকোর প্রতি সরাসরি সতর্কবার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকো। জার্মান বিশ্বকাপের সেই ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত এক গোলে হেরে গিয়েছিল মেক্সিকানরা। কিন্তু এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে না দিতে মরিয়া মেক্সিকো। হাভিয়ের আগুইরের দলের বিশ্বাস, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়েই সেরা আটে উঠবে তারা। তবে আজকের প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে রয়টার্সকে ম্যারাডোনা বলছেন, ‘শ্রদ্ধা পাওয়ার মতো দল মেক্সিকো। কিন্তু আমাদের ইতিহাস তাদের জানা উচিত। আমরা কেবল সামনে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করি।’১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে অধিনায়কত্ব করে শিরোপা এনেছেন। এবার দক্ষিণ আফ্রিকায় কোচ হিসেবে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার স্বপ্নে বিভোর ম্যারাডোনা। কোনো বাধাই যেন তিনি মানতে রাজি নন। তিলে তিলে সঞ্চয় করা অভিজ্ঞতার শক্তি নিয়েই আর্জেন্টিনার এই কিংবদন্তি বলছেন, ‘আমার সবকিছুই দেখা হয়ে গেছে। গোটা জীবন ধরে শুধু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মনেপ্রাণে চেষ্টা করছি ফুটবলারদের মধ্যে অর্জিত অভিজ্ঞতা বিলিয়ে দিতে। তারা সেই প্রতিদানও দিয়ে যাচ্ছে।’ এরপর ম্যারাডোনা যোগ করছেন, ‘মেক্সিকোর বিপক্ষে আমাদের জয় পাওয়া উচিত। আমাদের ইতিহাস অন্তত তা-ই বলে।’