মেঘ কেটেছে, আলো আসবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরিস্থিতির দাবি মেনে এভাবেই ৩৩ বছর আগে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। কাল আবারও নতুন দায়িত্ব কাঁধে তুলে নিলেন আবদুস সাদেক।  
সেই ১৯৮২ সালে হকি ফেডারেশনের সব সদস্য একই সঙ্গে পদত্যাগ করার পর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক। এবারও খেলাটা ধীরে ধীরে অন্ধকারের দিকেই এগিয়ে যাচ্ছিল। আড়াই বছর ধরে চলতে থাকা সংকট কাটাতে তাই কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় কাল পদত্যাগ করেন বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ ও সহসভাপতি আবদুস সাদেক।
দায়িত্ব পুনর্বণ্টন করে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আবদুস সাদেককে। আর প্রয়াত সহসভাপতি সাব্বির ইউসুফের শূন্য পদে বসানো হয় রহমতউল্লাহকে। পুরো প্রক্রিয়াটা মানা হয়েছে গঠনতন্ত্রের ১২(২) ধারা অনুযায়ী। একই সঙ্গে প্রিমিয়ার লিগের দলবদলের তারিখও ঘোষণা করা হয়েছে। ১৩-১৫ ডিসেম্বর আগামী মৌসুমের দলবদল। মার্চে শুরু হবে লিগ।  
হকি ফেডারেশনের বর্তমান সিদ্ধান্তে খুশি বিদ্রোহী চার ক্লাব—মোহামেডান, মেরিনার ইয়াংস, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং। তাদের দাবিই ছিল খাজা রহমতউল্লাহর পদত্যাগ। রহমতউল্লাহর অধীনে হকির কোনো কার্যক্রমে এত দিন অংশ নেয়নি এই ক্লাবগুলো। হয়নি দলবদল। ফেডারেশন শুরু করতে পারেনি প্রিমিয়ার লিগও।
সম্প্রতি দলবদলের দাবিতে জাতীয় দলের খেলোয়াড়েরাও বিদ্রোহ করেন। যোগ দেননি এসএ গেমসের ক্যাম্পে। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হকির সমস্যা সমাধানে উদ্যোগী হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এরই ধারাবাহিকতায় কাল বিমানবাহিনীর ফ্যালকন হলে জরুরি সভায় এল সিদ্ধান্তগুলো।    
খেলা মাঠে গড়াতেই এসব সিদ্ধান্ত—সভা শেষে জানালেন ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, ‘কার্যনির্বাহী কমিটির সভায় আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। হকিকে গতিশীল করতেই এমন সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত নয়, সাদেক ভাই পূর্ণাঙ্গভাবেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। ওনারা নির্বাচিত ছিলেন এবং নির্বাচিত হিসেবেই থাকবেন। আশা করি অচিরেই খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবে।’
হকির স্বার্থেই পদত্যাগ করেছেন বলে জানালেন রহমতউল্লাহ, ‘আমার উদ্দেশ্যই ছিল যেকোনো মূল্যে হকিকে মাঠে নামানো। আগেও বলেছিলাম, হকির জন্য সর্বোচ্চ ছাড় দিতে রাজি আছি। হকির বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
নতুন দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ৬৬ বছর বয়সী আবদুস সাদেক, ‘বিশেষ পরিস্থিতির কারণে আবারও আমাকে এ দায়িত্ব নিতে হচ্ছে। আমি সবার সহযোগিতা চাই। সব ক্লাবকে অনুরোধ করব যেন দলবদলে অংশগ্রহণ করে।’

দলবদলে অংশ নিতে রাজি হয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ ফেডারেশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন, ‘আমাদের দাবির মুখেই এ ধরনের সিদ্ধান্ত এসেছে। আমরা আসলেই চাইছি খেলাটা মাঠে গড়াক। যদিও আমাদের আরও দাবি ছিল, নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়েরা মাঠে ফিরবে। জানতে পেরেছি তারা এ ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে, এখন আমরা দলবদল করব।’

যা করতে পারেননি দুই ক্রীড়ামন্ত্রী, তা করে দেখালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ জন্য তাঁকে ধন্যবাদ দিলেন মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান, ‘আমরা এই উদ্যোগকে খুব ইতিবাচকভাবে নিয়েছি। একই সঙ্গে নাজমুল হাসানকে ধন্যবাদ জানাই। হকির বাইরের লোক হয়েও উনি বুঝেছেন হকির একটা সমাধান দরকার ছিল। এখন আমরা দলবদলের প্রস্তুতি নিচ্ছি।’

হকির সংকটের মেঘ তো কাটল। এবার সুদিনের আলো আসবে তো?