মেঘ দেখছেন ক্যাম্পবেল-ব্রাউন
মাস দুয়েক পরই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২১ জুন থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যামাইকান ট্রায়াল। ২৯ জুন থেকে এডমন্টন ইন্টারন্যাশনাল ক্লাসিক। এখন তাঁর নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা। কিন্তু ব্যস্ত তিনি কিংস্টন-মন্ট্রিয়ল দৌড়াদৌড়িতে, দিন কাটছে অনিশ্চয়তায়। ডোপ পরীক্ষায় দুই দফা পজিটিভ হওয়ায় ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের ক্যারিয়ারই এখন শঙ্কায়! আজকালের মধ্যেই জানা যেতে পারে জ্যামাইকার সফলতম মহিলা স্প্রিন্টারের ভাগ্য।৪ মে জ্যামাইকান আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অ্যাথলেটিকস মিটে ডোপ টেস্টে পজিটিভ হন ক্যাম্পবেল-ব্রাউন। ‘এ’ নমুনা পজিটিভ হওয়ার পর মন্ট্রিয়লে ওয়াডার (ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি) ল্যাবরেটরিতে ‘বি’ নমুনাও পজিটিভ হওয়ার খবর এসেছে গত শুক্রবার। সে সময় মন্ট্রিয়লেই ছিলেন ক্যাম্পবেল-ব্রাউন। জ্যামাইকান দৈনিক দ্য গ্লিনার জানিয়েছে, ৩১ বছর বয়সী স্প্রিন্টারের মূত্রনমুনায় ‘ল্যাসিক্স’ পাওয়া গেছে। ওয়াডার তালিকায় এটি আছে ‘মাস্কিং এজেন্ট’ হিসেবে, যা নেওয়া হয় সাধারণত শরীরে অন্য কোনো ড্রাগকে লুকোতে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সত্যিই দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন ‘ভিসিবি’ নামে জনপ্রিয় এই স্প্রিন্টার। তবে খানিকটা ধোঁয়াশাও আছে তাঁর অপরাধের মাত্রা কতটুকু বা সত্যিই কোন ড্রাগ নিয়েছেন, তা নিয়ে। জ্যামাইকার সানডে অবজারভার-এর দাবি, একটু বেশিই বাড়াবাড়ি হচ্ছে ক্যাম্পবেল-ব্রাউনের পজিটিভ হওয়া নিয়ে, দুই বছরের নিষেধাজ্ঞার সম্ভাবনাও অযথা ছড়ানো হয়েছে আগেভাগে। পুরো প্রক্রিয়াটার সঙ্গে জড়িত একটি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, ‘গুরুতর কোনো ড্রাগ নেওয়ার ঘটনা ঘটেনি, পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নয়।’ ওই সূত্রেরই দাবি, বড়জোর তিন মাস নিষিদ্ধ হতে পারেন ক্যাম্পবেল-ব্রাউন, এমনকি পার পেতে পারেন স্রেফ তিরস্কার শুনেও।তিন মাসের জন্য নিষিদ্ধ হলেও অবশ্য ২০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে পারবেন না তিনি। আগামী ১০-১৮ আগস্ট মস্কোতে বসছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০১১ সালে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জিতেছেন ক্যাম্পবেল-ব্রাউন, ২০০৭ সালে ওসাকায় জিতেছিলেন ১০০ মিটারে। টানা দুই অলিম্পিকে (২০০৪ ও ২০০৮) ২০০ মিটার জয়ী মাত্র দুজনের একজন তিনি, ২০০৪ সালে জিতেছিলেন ১০০ মিটার রিলের সোনাও। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে জিতেছেন ১৬টি পদক, যা জ্যামাইকার ইতিহাসের সর্বোচ্চ। বর্ণাঢ্য এই ক্যারিয়ারের পাশে এখন বসে গেল একটা প্রশ্নচিহ্ন। এএফপি, ওয়েবসাইট।