মেঘনাঘাট থেকে এল মশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁয়ের (নারায়ণগঞ্জ) মেঘনাঘাট পাওয়ার প্লান্টে কাল সকাল থেকেই ছিল উৎসব উৎসব ভাব। প্রথমে হলো নৌকাবাইচ। রকেট, বুলেট, তুফান, টাইগার, সালামত এক্স-১ ও সালামত এক্স-২—ছয়টি কোষা নৌকার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রকেট। তবে নৌকাবাইচই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল না।এসএ গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানের দিকেই ছিল সবার দৃষ্টি।নৌবাহিনীর স্পিডবোটে করে সেটি প্রথমে মেঘনাঘাটে নিয়ে আসেন সাবেক সাঁতারু উইং কমান্ডার রফিকুল ইসলাম। বেলা ১১টায় তিনি এই মশাল তুলে দেন এসএ গেমসের সাংগঠনিক কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে। মশাল জ্বালানোর পর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ বশির আহমেদের হাতে সেটি তুলে দেন আবদুল মুহিত। সেনাবাহিনীর রিভারাইন ব্যাটালিয়নের স্পিডবোটে করে সেটি বুড়িগঙ্গা দিয়ে আসে পোস্তগোলায়। আজ এসএ গেমসের উদ্বোধনী আয়োজনের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে পৌঁছাবে এই মশাল; যেটি জ্বালাবেন বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবলার কাজী সালাউদ্দিন।