মেঘে ঢাকা ভারতের ‘প্রতিশ্রুতি’!
কথাটা মহেন্দ্র সিং ধোনিই বলেছেন। প্রথম টেস্টের পর। ইনিংস ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করা মানেই মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকা। সেঞ্চুরিয়নের ধাক্কা কি ডারবানে সামলে উঠতে পারবে ভারত?ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি খুঁজতে বেশি দূর যাওয়ার দরকার নেই। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভারত সফরেই তো আছে ভালো উদাহরণ। নাগপুরে ভারত হেরেছিল ইনিংস ও ৬ রানে। কলকাতায় পরের ম্যাচটা জিতে নিয়েছিল ওই ইনিংস ব্যবধানেই।কলকাতা আর ডারবানের কন্ডিশনে আকাশ-পাতাল তফাৎ। ৫০তম টেস্ট খেলতে নামা হাশিম আমলা অবশ্য বলছেন, এই উইকেটে ব্যাট করা খুবই সহজ। কিন্তু শর্ত একটাই—সূর্য থাকতে হবে মাথার ওপর। আজ কিংসমিডে মাথার ওপর সূর্য থাকবে নাকি মেঘলা আকাশ, সেই গ্যারান্টি ভারতকে কে দেবে?ডারবানেও গত কিছুদিনে বেশ বৃষ্টি হয়েছে। আজও মেঘলা আবহাওয়ার পূর্বাভাসই মিলেছে। আর উইকেট? গ্যারি কারস্টেনই তো বলেছেন, আউটফিল্ডের সঙ্গে নাকি আলাদা করে চেনাই যাচ্ছে। এতটাই সবুজ!ডেল স্টেইন, মরনে মরকেলদের জিবে জল এনে দিয়ে রেখেছেন কিংসমিডের কিউরেটর। প্রথম টেস্টের ফলাফল স্বাগতিকদের আরও উৎসাহ জুগিয়েছে ব্যাটিং-বৈরী উইকেট বানাতে। হ্যাঁ, সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসেই ভারতের ব্যাটিং ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। কিন্তু ততক্ষণে অনেকটাই প্রাণ হারিয়ে ফেলেছিল উইকেট। এখানেই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে আগ্রহী গ্রায়েম স্মিথদের ছকটা অনুমিতই—টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাও।কিন্তু টস হারলে? ভয় নেই। নিজের মাঠ হলেও এখানে আমলার ব্যাটিং-গড় যাচ্ছেতাই। আজ টেস্টের ফিফটি পূর্ণ করতে নামা দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান রেকর্ডটা ভালো করার জন্য মুখিয়ে আছেন। জ্যাক ক্যালিস তো আগের টেস্টেই পেয়েছেন ডাবল সেঞ্চুরি। স্মিথ-এবি ডি ভিলিয়ার্স সবাই দারুণ ফর্মে।দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা কেবল এ মাঠে তাদের অপয়া ভূতটি নিয়ে। স্মিথ অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখানে সাত টেস্টের তিনটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। একটি জয় আবার ক্ষয়িষ্ণু শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ মাঠের সর্বশেষ দুটো ম্যাচেই হেরেছে স্বাগতিকেরা। গত বক্সিং ডে টেস্টে পরাজয় এসেছিল ইনিংস ব্যবধানে।নিজেদের নয়, দক্ষিণ আফ্রিকা ভয় পাচ্ছে ভারতের ঘুরে দাঁড়ানো নিয়ে। স্মিথ সতীর্থদের সতর্ক করেছেন এই বলে, ‘আপনাকে আরও নিখুঁত হতে হবে। একটা-দুটো ক্যাচ কিংবা একটা রানআউট খেলাটাই পাল্টে দিতে পারে। যখন র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে দুই নম্বর দল খেলে, সেখানে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে।’নিজেদের সেরাটা দিতে মরিয়া ভারতও। গ্যারি কারস্টেন তাঁর সবটুকু অভিজ্ঞতা ঢেলে দিচ্ছেন। ভারত জহির খানকে ফিরেও পাচ্ছে। গত ম্যাচে অভিষেকের পরই তাই বাদ পড়ছেন জয়দেব উনাদকর। অবশ্য একটা দুঃসংবাদও আছে। কাল নেটে চোট পেয়েছেন গৌতম গম্ভীর। আজ খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। শেষ পর্যন্ত গম্ভীর না খেলতে পারলে সুযোগ পাবেন মুরালি বিজয়। দলে পরিবর্তন আসতে পারে আরেকটি। সুরেশ রায়নার বদলে সুযোগ পেতে পারেন চেতেশ্বর পূজারা। ওয়েবসাইট।