মেঘে ঢাকা সব তারা
দৃশ্য এক: ২৭ জুন, ফ্রি স্টেট স্টেডিয়াম, ব্লুমফন্টেইন। দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর ওয়েইন রুনির কোমরে হাত। বিশ্বকাপে এসেছিলেন পেলে-ম্যারাডোনা হতে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের রুনিই হতে পারলেন না। ‘স্যার ওয়েইন’ দক্ষিণ আফ্রিকার শীতে শীতনিদ্রা গেলেন।দৃশ্য দুই: ২৯ জুন, গ্রিন পয়েন্ট স্টেডিয়াম, কেপটাউন। দ্বিতীয় রাউন্ডে স্পেনের সামান্য কিছু ঝলকেই ঝলসে গেল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায় হাত। পারলে মাথার সবগুলো চুলই যেন ছিঁড়ে ফেলেন। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে একেবারেই নিষ্ক্রিয় করে দিয়ে শেষ আটে উঠে গেল স্পেন। দৃশ্য তিন: ২ জুলাই, নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ। হল্যান্ডের কাছে ব্রাজিলের স্বপ্ন ছিনতাই হওয়ার পর কাকার চোখে জল। চোখ মুছতে মুছতে তিনি ফিরলেন ড্রেসিংরুমে।দৃশ্য চার: ৩ জুলাই, গ্রিন পয়েন্ট স্টেডিয়াম, কেপটাউন। ‘জার্মান শেফার্ড’রা আর্জেন্টিনার স্বপ্ন ছিঁড়েখুঁড়ে ফেলার পর হতবিহ্বল মেসি দাঁড়িয়ে রইলেন মাঠের এক পাশে। ম্যারাডোনা এসে তাঁকে বুকে জড়িয়ে ধরলেন। হয়তো মুছেও দিলেন তাঁর কান্নার দাগ।দৃশ্যগুলো মন্তাজের মাধ্যমে একসঙ্গে গেঁথে নিলে বড় ক্যানভাসে যা ফুটে ওঠে, তা কেবলই হতাশার ছবি। স্বপ্নভঙ্গের বেদনা। সমর্থকদের আহত, নীল প্রত্যাশা। এই বিশ্বকাপ কোনো মহাতারকাকেই ভালোবাসার মালা পরাল না। রুনি-রোনালদো গেলেন দ্বিতীয় রাউন্ডে, কাকা-মেসির বিদায় হলো কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপ যদি হয় স্বয়ংবরা রাজকন্যা, তাহলে সে এখনো তাঁর স্বপ্নের রাজপুত্রকে খুঁজে পায়নি। আর দুটি মাত্র ম্যাচ হাতে আছে। এর মধ্যে কোনো যোগ্য রাজপুত্র পাওয়া যাবে কি না বলা মুশকিল। তাহলে কি বিধাতার দেওয়া বিধানই সে মেনে নেবে? কোনো নির্দিষ্ট তারকা নয়, একটা সংঘবদ্ধ, জিগীষায় জেগে ওঠা দলের গলাতেই অবশেষে মালা! গতিপ্রকৃতি এখনো পর্যন্ত যেমন, সেটা হতেই পারে।কিন্তু রুনি-রোনালদো-কাকা-মেসিরা কেন সবাই শেষ পর্যন্ত একটা বিন্দুতে মিলে গেলেন? কেন তাঁদের তীব্র আলোর ছটায় বিশ্বকাপকে আলোকিত করতে পারলেন না? সাধারণ দর্শক থেকে ফুটবলবোদ্ধা—সবাইকেই নাড়িয়ে দিচ্ছে একই প্রশ্ন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যারাডোনাকে বিব্রতকর প্রশ্নটা করেছিলেন, মেসিও তো সেই রুনি-রোনালদো-কাকার পথেই হাঁটলেন, বিশ্বকাপটাকে নিজের করে নিতে পারলেন না! কেন?ম্যারাডোনা, যিনি এর আগ পর্যন্ত প্রশ্নকারীকেই বিব্রত করে দিতেন পাল্টা প্রশ্ন আর বাগ্মিতার চমক দিয়ে, খানিকক্ষণ চুপ করে রইলেন। গলাটা নরম, যেন কোনো অতল খাদ থেকে ভেসে আসছে, প্রায় যুক্তিহীন যুক্তি সাজালেন, ‘কই, আমরা তো বলিনি এই বিশ্বকাপটা মেসির হবে। তবে অসাধারণ একটা বিশ্বকাপই গেছে মেসির। আপনারাও জানেন, ফুটবল খেলাটা এগারো জনের।’ অতি সত্যি কথা। ফুটবল ১১ জন খেলোয়াড়ের খেলা। ১৯৫৮, ১৯৭০ কিংবা ১৯৮৬ সালেও তা-ই ছিল। তবু ওই তিনটি বিশ্বকাপ থেকে একজন পেলে এবং একজন ম্যারাডোনা বেরিয়ে এসেছেন। তার আগে-পরে একজন বেকেনবাওয়ার, কিংবা নিদেনপক্ষে রোমারিও, বাজ্জোকেও পেয়েছে বিশ্বকাপ। ২০১০-এ এসে রুনি, রোনালদো, কাকা, মেসির কাউকেই তো পাওয়ার কথা ছিল। বিশ্বকাপ শুরুর আগে তেমনই পূর্বাভাস ছিল আশার দিগন্তে। সমর্থকেরা বলছিলেন, বোদ্ধারা ভবিষ্যদ্বাণী করছিলেন। রুনি হারিয়ে খুঁজলেন নিজেকে। কাকার চারপাশে থাকল মেঘের গ্রহণ। রোনালদো দু-একটা ঝলক দেখিয়েই শেষ। মেসি মাঝে মাঝে অদৃশ্য থেকেও সরীসৃপের মতো ড্রিবলিং দেখিয়ে বড় কিছুর ইঙ্গিত দিলেন। আসল সময়টায়, বড় পরীক্ষাটার সামনে এসে সবাই পলাতক। রুনির শার্ট গায়ে দিয়ে সেদিন জোহানেসবার্গে ইংলিশ তরুণী কেসিকে ‘রুনি, রুনি’ বলে কাঁদতে দেখেছি। ব্রাজিল আর কাকার ব্যর্থতায় সেই রাতে এক প্রবাসী বাঙালির সঙ্গী হয়ে আরেকটু হলেই মারাত্মক এক গাড়ি দুর্ঘটনার শিকার হতে হতো। কোচের প্রতি বিদ্বেষ আর দলের প্রতি ভালোবাসার অভাব দেখে পর্তুগিজ তরুণী ফ্রান্সিসকার রোনালদো-প্রেম লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। কেপটাউনের যে হোটেল এই প্রতিবেদকের ঠিকানা, সেটির ম্যানেজার এলিজাবেথের ৯ বছর বয়সী ছেলে নিকি সারা রাত মেসির জন্য কেঁদেছে।এখন চার মহাতারকার এই ভক্তরা, সারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগুনতি সমর্থক যদি সমস্বরে বলে, ‘ফিরিয়ে দাও আমাদের ভালোবাসা’, কী করবেন তাঁরা? কিছুই করার নেই, কিছুই ফিরিয়ে দেওয়ার নেই। বিশ্বকাপ তাদের নিঃস্ব করে দিয়েছে। হয়তো একটা কথা তাঁরা বলতে পারেন, ‘বলে-কয়ে বিশ্বকাপকে নিজের করে নেওয়া যায় না। পেলে-ম্যারাডোনারাও বলে-কয়ে আবির্ভূত হননি।’তাহলে কাউকেই কি গহিন বনে লুকিয়ে থাকা অর্কিডের মতো খুঁজে পাবে না বিশ্বকাপ? ম্যারাডোনা ভালো বলতে পারবেন। মাস চারেক আগে জার্মানির এক খেলোয়াড়কে যিনি ‘বলবয়’ ভেবে সংবাদ সম্মেলন থেকে বের করে দিয়েছিলেন, সেই ২০ বছর বয়সী টমাস মুলারকে এখন দামি অর্কিডের মতোই মনে হচ্ছে। ২৬ বছর বয়সী যে ডেভিড ভিয়া এত দিন রিয়াল-বার্সেলোনার মতো কুলীন দলের কাছে ব্রাত্য হয়ে ছিলেন, তাঁকেই মনে হচ্ছে স্পেন বা বিশ্বকাপের অত্যুজ্জ্বল এক নক্ষত্র। যে ওয়েসলি স্নাইডার রিয়াল মাদ্রিদে অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন, তাঁকে এখন স্বপ্নপুরুষ মনে হচ্ছে হল্যান্ড বা বিশ্বকাপের কাছে।ওই চারের শূন্যস্থানে তাহলে কি এঁদের মধ্যেই কেউ?