মেঘের আড়ালে হেসে ওঠা সূর্য যেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ: বিশ্বকাপে ক্রোয়েশিয়া তাকিয়ে থাকবে লুকা মডরিচের দিকে
ক্যাপ: বিশ্বকাপে ক্রোয়েশিয়া তাকিয়ে থাকবে লুকা মডরিচের দিকে

দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। আজ থাকছে ক্রোয়েশিয়ার লুকা মডরিচকে নিয়ে বিশেষ রচনা—
২০১২-এর আগস্ট মাসে স্প্যানিশ গণমাধ্যমে চাউর হয়, রিয়াল মাদ্রিদে আসছেন নতুন তারকা। কে তিনি? নামটা লুকা মডরিচ, আর দামটা ৩৫ মিলিয়ন ইউরো দেখে রিয়াল সমর্থকদের অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। মডরিচের জন্যই এত টাকা! বিখ্যাত স্প্যানিশ পত্রিকা ‘মার্কা’র পাঠকেরা রীতিমতো ‘বছরের নিকৃষ্ট চুক্তি’র তকমা জুটিয়ে দেয় মডরিচের কপালে। বিধাতা তখন বোধ হয় মুচকি হাসছিলেন!
সময়টাকে টেনে এনে আজকের দিনে আসুন। রিয়াল সমর্থকেরা এখন মডরিচের প্রশংসায় সরব। অনেকেই চায় ১৯-এর বদলে মহামূল্যবান ১০ নম্বর জার্সিটা দেওয়া হোক মডরিচকে। রিয়ালের সাবেক ক্রীড়া পরিচালক মিজাতোভিচ তো বলেই দিয়েছেন, মডরিচ ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই অমূল্য রিয়ালের কাছে!
তবে মডরিচ ‘রোনালদো’ নয়। স্বভাবে যেন রোনালদোর একেবারেই উল্টো। ঘরকুনো। প্রচারের আলোতে অনভ্যস্ত। সবচেয়ে বেশি ভালোবাসেন স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে। কথাও বলেন কম। বড় কোনো সাক্ষাত্কার দেওয়ার নজিরও তেমন একটা নেই। মাঠে বল পায়ে যিনি এত কথা বলেন, মুখে তাঁর বাকবাকুম করার দরকারটাই বা কী!
মডরিচের বয়স যখন মাত্র ছয়, ক্রোয়েশিয়াজুড়ে চলছে যুদ্ধের দামামা। পরিবারকে বাসা পরিবর্তন করতে হল। বাবা সেনাবাহিনীতে যোগ দিলেন। দাদাকে মেরে ফেলা হলো। সময়টা ছিল খুব কঠিন, অর্থসংকটে ভুগতে হয়েছে, থাকতে হয়েছে অভুক্তও। যখন স্থানীয় ফুটবল মাঠগুলোয় একের পর এক গ্রেনেড পড়ছিল, তখন মডরিচ খেলতে শুরু করেন বাসার পার্কিংয়ের সামনে!
স্থানীয় ক্লাব এনকে জাদারের হয়ে ক্যারিয়ার শুরু করেন। তারপরই চুক্তিবদ্ধ হন ডায়নামো জাগরেবের সঙ্গে। সেখান থেকে ধারে খেলতে চলে যান বসনিয়ার রিনজস্কি মোসতারে। অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে জিতে নেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। একবার বলেছিলেন, ‘যে বসনিয়ার লিগে খেলতে পারে, সে যেকোনো জায়গাতেই খেলতে পারবে।’ হালকা-পাতলা গড়নের এই ক্রোয়াটকে কী পরিমাণ শারীরিক শক্তিমত্তার পরীক্ষা দিতে হয়েছিল, তা এ কথা থেকে সহজেই বোঝা যায়!

ক্যারিয়ারের উত্থান শুরু ২০০৮ সালে ইংলিশ ক্লাব টটেনহামে আসার পর। শুরু হয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার অধ্যায়। টটেনহামে দারুণ চারটি বছর কাটিয়েছেন। ‘আমি টটেনহামের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি আজ যে অবস্থানে তার পেছনে মূলত তারাই। তারাই আমাকে ভাবতে বাধ্য করেছে যে আমার আরও ভালো কোথাও খেলার সুযোগ নেওয়া উচিত। সব সময়ই আমি টটেনহামের ভক্ত হয়ে থাকব’—বলেছিলেন এক সাক্ষাত্কারে।
রিয়ালে যোগ দেওয়া পর, বিশেষ করে আনচেলত্তি কোচ হওয়ার পর মডরিচের খেলায় চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি সফল ট্যাকল করেছেন তিনিই। জাবি আলোনসো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন দুর্ধর্ষ মিডফিল্ড। পাসিং দক্ষতায়ও এসেছে কার্যকরী পরিবর্তন। আগের যেকোনো সময়ের চেয়ে পাসগুলো এখন আরো বেশি তীক্ষ, আরও বেশি সুনিশ্চিত। মৌসুমজুড়ে রিয়ালের আর কেউ তার চেয়ে বেশি সফল পাস দিতে পারেনি।
প্রতিপক্ষের ডিফেন্স ছত্রভঙ্গ করে গোল করে যাচ্ছেন রোনালদো, বেল, বেনজেমারা। পেছন থেকে ছকটা মডরিচই কষে দিচ্ছেন বলে। খেলার ধরনের মতো মানুষটাও যেন সে রকমই। আড়ালেই থাকতে চান। মডরিচ যেন মেঘের আড়াল থেকে হেসে ওঠা এক সূর্য!
মাদ্রিদের এই ‘আন্ডাররেটেড হিরো’ই কিন্তু এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের মূল অস্ত্র। দেশের বয়সভিত্তিক দলগুলোয় খেলেছেন নিয়মিতভাবেই, তবে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন ২০০৬ সালে আর্জেন্টিনার বিপক্ষে। সেই ম্যাচে ৩-২ গোলে জয় পায় ক্রোয়েশিয়া। জাতীয় দলের হয়ে মাত্র ৮ গোল ঠিক যেন চেনাতে পারছে না এই মডরিচকে। তবে বিবর্ণ পরিসংখ্যান বদলে দেওয়ার জন্য এবার চোয়ালবদ্ধ হয়েই মাঠে নামবেন এই ক্রোয়াট।
ব্রাজিল, ক্যামেরুন ও মেক্সিকোকে নিয়ে এবার বেশ কঠিন গ্রুপেই পড়েছে দলটি। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে ক্রোয়েশিয়াকে, অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে মডরিচকেও। তবে ক্রোয়েশিয়ার মানুষ কিন্তু আশাবাদী।
কারণ তারা জানে, সাম্প্রতিক সময়ে ‘অসাধারণ’ শব্দটিকেই বড়ই ‘সাধারণ’ বানিয়ে দিয়েছেন তাদের বিশ্বকাপ মিশনের এই মূল কারিগর!