মেজাজ হারালেন পন্টিং
ভাঙা আঙুল, ব্যাটে রান নেই, দলের চরম দুরবস্থা। এত কিছুর মধ্যে নিজের বিপদ আরও বাড়ালেন রিকি পন্টিং। রায়ান হ্যারিসের করা ইনিংসের ৮৪তম ওভারের শেষ বল ঠিকমতো খেলতে পারেননি কেভিন পিটারসেন। ব্যাটের কানা ছুঁয়েছে ভেবে জোরালো আবেদন, আম্পায়ার আলিম দারের সাড়া না পেয়ে রেফারেল চেয়েছিলেন রিকি পন্টিং। ‘নট আউট’ ঘোষণা করলেন তৃতীয় আম্পায়ারও। মাথা গরম করে পন্টিং তর্ক শুরু করলেন দারের সঙ্গে। যত দোষ যেন দারের!ঘণ্টা খানেক পর আবারও পন্টিংয়ের চক্ষুশূল দার। ম্যাট প্রিয়রের ব্যাটের কানা ছুঁয়ে বল ব্র্যাড হাডিনের গ্লাভসে জমা হতেই আঙুল তুলে দিয়েছিলেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। উইকেট ছেড়ে চলে যাচ্ছিলেন প্রিয়র, সতীর্থদের নিয়ে উদ্যাপনে ব্যস্ত বোলার জনসন। হঠাৎই দারের সন্দেহ হলো জনসনের বলটি বৈধ ছিল না। কিছুদিন আগে করা আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নো বল নিয়ে সন্দেহ হলেও তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া যাবে। প্রিয়রকে থামিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে জানতে চাইলেন দার, টিভি রিপ্লেতে দেখা গেল পরিষ্কার ‘নো বল।’প্রথম ঘটনার খেসারত দিতে হয়েছে দিন শেষে। ম্যাচ রেফারির তিরস্কার শোনার পাশাপাশি পন্টিংকে গুনতে হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ। দ্বিতীয় ঘটনার খেসারত মাঠেই পেয়েছে অস্ট্রেলিয়া। ভাগ্য আর প্রযুক্তির কল্যাণে প্রিয়রের বেঁচে যাওয়া শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও। ষষ্ঠ উইকেটে ট্রট-প্রিয়রের ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডের লিড এখন ৩৪৬ রান, এখনো অক্ষত ৫ উইকেট আর পুরো তিন দিন। অলৌকিক কিছু অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারে, এখন এটুকু বলারও জো নেই।আগের দিনের হতাশা মুছে কাল দিনের প্রথম ভাগটায় দারুণ লড়াই করেছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট যখন পড়ল, ইংল্যান্ডের লিড তখন ১৮৮ রানের। লিডটাকে ২৫০ রানের মধ্যে রেখে দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনা তখনো ছিল। দিন শেষে কাজটা অসম্ভবই হয়ে গেছে ট্রট-প্রিয়রের জুটিতে। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ৫ টেস্টে তৃতীয় আর সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্রট। সিরিজের প্রথম ফিফটিটাকে প্রিয়র টেনে নিচ্ছেন প্রথম সেঞ্চুরির দিকে। ট্রট-প্রিয়রের চেয়ে ছোট হলেও কালকের দিনের সবচেয়ে আকর্ষণীয় ইনিংসটা খেলেছেন কেভিন পিটারসেন। ৫১ রানের ইনিংসে খেলেছেন চোখ ধাঁধানো কিছু শট।আরেকটি হতাশার দিনে অস্ট্রেলিয়ার প্রাপ্তি শুধু পিটার সিডলের দুর্দান্ত বোলিং। আগের দিন ১৫৭ রানের উদ্বোধনী জুটি গড়া দুই ইংলিশ ওপেনারকে ফিরিয়েছেন সাতসকালেই। অ্যালিস্টার কুক ধরা পড়েছেন স্লিপে, আর দুর্দান্ত এক বাউন্সারে অ্যান্ড্রু স্ট্রাউসের ব্যাট ছুঁয়ে আসা বলকে গালিতে দারুণভাবে ক্যাচ বানিয়েছেন মাইক হাসি। সিডল পরে এলবিডব্লু করেছেন পিটারসেনকে। জনসনের বলে দারুণ দুটি ক্যাচ নিয়েছেন কলিংউড ও বেলের। অথচ মাইকেল বিয়ার খেললে কোপটা পড়ার কথা ছিল এই সিডলের ওপরই! তথ্যসূত্র: ওয়েবসাইট, স্টার ক্রিকেট।