মেনে নিয়েছেন বোল্ট
আভাসটা মিলছিল রিও অলিম্পিকের সময়ই। তবু বুধবার রাতে অবিশ্বাস লুকাতে পারেননি কেউ। বেইজিংয়ে জেতা ১০০ মিটার রিলের পদক (সোনা) ফেরত দিতে হচ্ছে উসাইন বোল্টকে! সেটাও সতীর্থ নেস্তা কার্টারের ডোপ-পাপে। স্বপ্নের ‘ট্রিপল-ট্রিপল’-এর ‘বাঁধানো সেট’ মুহূর্তেই হয়ে গেল ‘ডাবল-ট্রিপল-ট্রিপল’। ভক্ত, সমর্থক, সাবেক অ্যাথলেট—সবারই এক কথা, সর্বকালের সেরা স্প্রিন্টারের সঙ্গে বোধ হয় অন্যায় করা হচ্ছে।
তবে যাঁকে নিয়ে এত চিন্তা, তিনি ব্যাপারটা মেনে নিয়েছেন সত্যিকারের চ্যাম্পিয়নের মতোই। একটি অলিম্পিক পদকের জন্য খেটে মরেন সবাই, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন। অথচ জেতা একটি অলিম্পিক সোনা কিনা বোল্টকে ফিরিয়ে দিতে হলো গত পরশুই! তাঁর কাছে এটি খুব কষ্টের, ‘পরিস্থিতি যা তাতে আমি খুশি নই, কিন্তু আইন তো আইনই। এটা কঠিন, একটা পদক ফিরিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি এরই মধ্যে সেটা ফিরিয়েও দিয়েছি, কারণ আইওসির সেটা প্রয়োজন। আমি খুশি নই, কিন্তু জীবনে এমন ঘটতেই পারে। কিন্তু এ ঘটনাকে এ মৌসুমে আমার একাগ্রতা নষ্ট করতে দেব না। আমার মনোযোগ ঠিকই আছে, তবে আমি খুশি নই।’
ইতিহাসে টানা দুই অলিম্পিকেই ১০০ মিটার ও ২০০ মিটারের সোনা কেউ জিততে পারেননি, সেখানে বোল্ট টানা তিন অলিম্পিকেই ‘ডাবল’ জিতেছেন। কেড়ে নেওয়া পদকটি বাদ দিলেও রিলের আরও দুটি সোনা থাকে। এ নিয়েই তৃপ্ত অনেকের মতেই সর্বকালের সেরা অলিম্পিয়ান, ‘আমার ধারণা, যা অর্জন করেছি সেটাই যথেষ্ট। পুরো ক্যারিয়ারে যা করেছি, সেটা এতে বদলে যাবে না। আমি কঠিন পরিশ্রম করেছি, এমন কিছু করেছি, যা আগে কেউ কখনো করেনি। আমি ১০০ ও ২০০ মিটারে তিনটি সোনা জিতেছি।’
সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানবেন খুব শিগগিরই। এ বছরই লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো ট্র্যাকে নামবেন। সেটা জিতেই মাথা উঁচু করে বিদায় নিতে চান ‘বজ্রবিদ্যুৎ’, ‘আপনি আর কী করতে পারেন? আমি যা করতে চেয়েছি সেটাই করেছি। খেলাটিতে প্রভাব ফেলতে পেরেছি, অনেক কিছুই অর্জন করেছি। তাই অভিযোগ করার কিছু নেই। এটাই আমার শেষ মৌসুম, জয় দিয়েই শেষ টানতে চাই।’
তবে জ্যামাইকা অলিম্পিক অ্যাসোসিয়েশন ও কার্টার পদক ফিরে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে যাচ্ছেন। আপিল টিকে গেলে ‘ট্রিপল-ট্রিপল’টা ফিরে পাবেন বোল্ট। সতীর্থের পাপে পদক খুইয়েছেন। কার্টারের ওপর ভয়ংকর খেপার কথা বোল্টের। কী দরকার ছিল অবৈধ কিছু নেওয়ার, দলে যখন বোল্ট আর আসাফা পাওয়েলের মতো স্প্রিন্টার আছেন! কিন্তু বোল্ট উল্টো কার্টারের কথা ভেবেই মন খারাপ করছেন, ‘আমি জানি ওর জন্য খুব কঠিন সময় এটা। সামাজিক যোগাযোগমাধ্যম এবং জ্যামাইকার লোকজন কেমন সেটাও আমার জানা। তাই আশা করছি, ও ভালোবাসা পাবে। এটা কঠিন, জীবনে অনেক কিছুই ঘটে যার কারণ কারও জানা নেই। আশা করি সে এগুলো (বাজে মন্তব্য) মনে রাখবে না।’ এএফপি, রয়টার্স।