মেনেজেস-যুগে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-বেদনার যুগলবন্দী বুঝি এমনই হয়। মানো মেনেজেস ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না। একদিকে ব্রাজিলের কোচ হওয়ার আনন্দ, অন্যদিকে তাঁকে ঘিরে ধরেছে করিন্থিয়ানস ছেড়ে আসার দুঃখ। ব্রাজিলের কোচ হওয়ার পর গত পরশু প্রথম সংবাদ সম্মেলনে তাই আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মেনেজেস।‘ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার আগে আমার ক্লাবের সবাইকে বিদায় বলতে হয়েছে। করিন্থিয়ানসে ২ বছর ৭ মাস খুব সুখে কাটিয়েছি আমি। এই স্মৃতি সব সময় আমার সঙ্গে থাকবে’—মেনেজেস করিন্থিয়ানস ছেড়ে আসার কষ্টের কথা জানালেন এভাবেই।মেনেজেস কথা শেষ করতে না-করতেই সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়েছিলেন বেশ কয়েকজন করিন্থিয়ানস খেলোয়াড়। মেনেজেসকে হারানোর হতাশা আছে। তবে সেটা ছাপিয়ে গেছে কোচের এই অর্জন। কোচকে অভিনন্দন জানাতেই এসেছিলেন তাঁরা। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন করিন্থিয়ানসের সভাপতি আন্দ্রেস সানচেজও। তিনিও অশ্রুসিক্ত চোখে বিদায় জানিয়েছেন মেনেজেসকে। আবেগঘন এই পরিবেশের মধ্যেই মেনেজেস জানালেন সিবিএফের প্রস্তাবে তাঁর ‘হ্যাঁ’ বলার কথা, ‘ব্রাজিলের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি প্রস্তাবটা গ্রহণ করেছি। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’ তবে প্রস্তাবটা গ্রহণ করার আগে সিবিএফ সভাপতি রিকার্ডো টিসেরার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাও সেরে নিয়েছেন মেনেজেস, ‘রিকার্ডো টিসেরার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি আমি। তিনি আমাকে ব্যাখ্যা করেছেন যে, ২০১৪-কে ঘিরে সিবিএফের পরিকল্পনাটা আসলে কী। আমিও তাঁকে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন করেছি।’তা মেনেজেস করেছেন। তবে ফ্লুমিনেন্স কোচ রামালহো যদি সিবিএফের প্রস্তাবে সাড়া দিতেন, তাহলে মেনেজেসের যে ব্রাজিলের কোচই হওয়া হয় না। কার্লোস দুঙ্গার উত্তরসূরি বাছার ক্ষেত্রে রামালহোই ছিলেন সিবিএফের প্রথম পছন্দ। কিন্তু ফ্লুমিনেন্স রামালহোকে ছাড়েনি বলে মেনেজেসকে প্রস্তাব দিয়েছে সিবিএফ।মেনেজেসের কি এটা নিয়ে কোনো দুঃখবোধ আছে? তিনি জবাব দিলেন, ‘বরং উল্টোটাই, আমি গর্বিত। কারণ আমাদের ব্রাজিলে কম করে হলেও ৫০ জন অসাধারণ পেশাদার কোচ আছেন। এর মধ্যে আমি যদি দ্বিতীয় পছন্দ হই, তাহলে তো ভালোই বলতে হবে। আর আমি মুরিসির পর দ্বিতীয় স্থানে, যাকে আমি মানুষ হিসেবে খুব পছন্দ করি। প্রথম প্রস্তাবটা কেন কার্যকর হলো না, আমি তা নিয়ে গবেষণা করতে যাচ্ছি না। শুধু বলতে চাই, দ্বিতীয় প্রস্তাবটা আমি পেয়েছি এবং আমি গর্বিত ও খুশি।’মেনেজেস কাজ শুরু করছেন আজ থেকেই। বাংলাদেশ সময় রাত ১টায় সিবিএফ আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে সবার সঙ্গে। পরিচয়পর্ব শেষে তিনি ঘোষণা করবেন তাঁর প্রথম ব্রাজিল দল। আগামী ১০ আগস্ট নিউজার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ব্রাজিলের ফুটবলে শুরু হচ্ছে ‘মানো মেনেজেস-যুগ’। ব্রাজিলকে নিয়ে মেনেজেসের পরিকল্পনা কী? তাঁর কর্মপদ্ধতিই বা কী হবে? এসব নিয়ে পরশু কোনো কথা বলেননি। শুধু বললেন, ‘আমি সবার ঔৎসুক্যটা বুঝতে পারছি। ব্রাজিল দল নিয়ে আমার পরিকল্পনা এবং আমার কোচিং টিম—এসব নিয়ে সোমবার (আজ) থেকেই কথা বলতে শুরু করব।’ ওয়েবসাইট।