মেনেজেসকে সরে যেতে বলছেন রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার তীরে ডোবাল ব্রাজিল। ‘হট ফেবারিট’ মানো মেনেজেসের দল ফাইনালে হারল মেক্সিকোর কাছে। ব্রাজিলের আকাশ-বাতাসে নাম লিখিয়েছে হতাশা। কোচ মেনেজেসের চাকরি নিয়েই এখন টানাটানি। কোচ ছাঁটাইয়ের দাবিতে সোচ্চার রোমারিও। পরশু মেক্সিকো-দুঃস্মৃতির পরই ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপের নায়ক বলছেন মেনেজেসের এখন চলে যাওয়া উচিত। মেক্সিকোর বিপক্ষে ফাইনালটিই কোচ হিসেবে মেনেজেসের শেষ ম্যাচ হয়ে থাকবে বলে আশা রোমারিওর।মেনেজেস অবশ্য এসব কথায় কান দিতে রাজি নন। ব্রাজিল কোচ বরং স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নিজের মিশন শেষ না হওয়া পর্যন্ত স্বপদে থেকে যাবেন। ২০১০ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে কার্লোস দুঙ্গার বিদায়ের পর মেনেজেসকে কোচ করা হয় ২০১৪ বিশ্বকাপকে মাথায় রেখে। লন্ডন অলিম্পিক ছিল সেই লক্ষ্যের পথে দল হিসেবে উন্নতি যাচাইয়ের মঞ্চ। সোনা জিতলে মেনেজেসের দল পরীক্ষায় উত্তীর্ণ হতো অবশ্যই। কিন্তু মেক্সিকো ব্রাজিলকে উতরাতে দেয়নি।রোমারিও ফাইনালে হারের জন্য দায়ী করছেন মেনেজেসের দল নির্বাচনী নীতিকে। টুর্নামেন্ট শুরুর আগে দল গঠন নিয়েও সমালোচনা করেছিলেন রোমারিও। ব্রাজিলের জাতীয় সংসদ সদস্যের কথা, ‘তিনি এমন একজন কোচ যিনি সঠিক দলটি মাঠে নামাতে পারেন না। ঠিক সময়ে ঠিক খেলোয়াড়কে ডাকতে পারেন না। কৃতজ্ঞচিত্তে আমরা আজই (পরশু) তার নির্বাচনী দায়িত্বে শেষ ম্যাচটি দেখে ফেললাম।’তবে মেনেজেস বলছেন, বোর্ড সরিয়ে দিলে অবশ্য ভিন্ন কথা, কিন্তু নিজে থেকে মিশন শেষ না করে যাবেন না, ‘অলিম্পিক সোনা না পাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু আমাদের লক্ষ্য এখনো বাকি, ২০১৪। আমাদের প্রধান দলকে ফিরে পেয়ে আগামী বিশ্বকাপের জন্য সঠিক পথেই পা ফেলতে থাকব আমরা।’ এএফপি, ওয়েবসাইট।