মেনেজেসের অঙ্গীকার
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওর ‘অলক্ষুনে’ ভবিষ্যদ্বাণী, ২০১৪ বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বই পেরোতে পারবে না! এটাই হয়তো তাতিয়ে দিয়েছে মানো মেনেজেসকে। তাই ব্রাজিল কোচ ‘প্রতিজ্ঞা’ করলেন, ঘরের মাঠের বিশ্বকাপের জন্য দলটাকে তিনি শক্তিশালী করেই গড়ে তুলবেন। তাঁর বিশ্বাস, স্বাগতিক হিসেবে আগামী বিশ্বকাপে তাঁর দল পৌঁছাবে ফর্মের তুঙ্গে। আর আগামী বছর লন্ডন অলিম্পিক থেকেই উন্নতির ছাপটা হবে পরিষ্কার।মেনেজেস জানিয়েছেন ২০১২ সালে দল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। ব্রাজিল কোচ আশ্বস্ত করেন, দলের ওপর ব্রাজিল সমর্থকদের আস্থাই থাকবে, ‘তারা আমাদের কাজে আস্থা রাখতে পারে। লন্ডন অলিম্পিকে খুব শক্তিশালী একটি দলই থাকবে আমাদের। এর পরই আমরা মনোযোগ দেব বিশ্বকাপে।’লন্ডন অলিম্পিকে লক্ষ্য সাফল্য। কিন্তু ব্রাজিলের ৪৯ বছর বয়সী কোচ সোনা জয়ের প্রতিশ্রুতি আবার দিতে পারছেন না, ‘আমাদের দরকার খেলোয়াড়দের সংগঠিত করে ভালো দল গড়ে তোলা, যাতে আমরা অলিম্পিক পদকের জন্য লড়াই করতে পারি। কেবল লন্ডনে গেলেই আমরা জানতে পারব, সোনা জয়ের লড়াই আমরা করতে পারব কি না। তার আগে সবকিছুই অনুমানের ব্যাপার। আমরা জানি, ফুটবল কীভাবে খেলতে হয়।’ ওয়েবসাইট।