মেনেজেসের কাছে অতীত রোনি
১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে যে যাত্রা শুরু হয়েছিল, ১৪ নভেম্বর সেটাই একটা বৃত্ত পূরণ করে ফেলছে। অবশ্য ১৪-এর বদলে ২১ নভেম্বর হলেই বৃত্তপূরণটা হতো সার্থক। ১৪ তারিখ নিজেদের হাজারতম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ কলম্বিয়া। পরের ম্যাচেই বুয়েনস এইরেসে ২১ তারিখ তারা মুখোমুখি আর্জেন্টিনার। একই প্রতিপক্ষ আর একই শহরে ১৯১৪ সালে প্রথম ম্যাচ খেলেছিল পরে বিশ্বকে হলুদ রঙে রাঙিয়ে দেওয়া সেলেসাওরা!কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটা যুক্তরাষ্ট্রে। ওই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন মানো মেনেজেস। আর এই দল ঘোষণায় অনুচ্চারিত হলেও একটা ঘোষণাও যেন থাকল। ব্রাজিল কোচের ২০১৪ বিশ্বকাপের ভাবনায় জায়গা নেই রোনালদিনহোর। পিএসজির হয়ে যে সূর্যটা আলো ছড়াতে শুরু করেছিল, বার্সেলোনায় যে সূর্য ছিল মধ্যগগনে; সেটাই এখন অস্তরাগের ম্লান আলোয় ধীরে ধীরে ডুবে যেতে বসেছে। জাতীয় দলের হয়ে ৩২ বছর বয়সী প্লে-মেকারের ক্যারিয়ার তাই একরকম শেষই হয়ে গেছে বলে ধরে নিতে পারেন।রোনালদিনহো ফ্ল্যামেঙ্গো থেকে অ্যাটলেটিকো মিনেইরোতে আসার পর থেকে ধীরে ধীরে যেন খুঁজে পাচ্ছিলেন নিজেকে। নৈশজীবন থেকে অবশ্য পুরোপুরি মুক্তি পাননি। শত প্রতিজ্ঞার পরও এখনো হুটহাট খবর আসে মেয়েবন্ধু নিয়ে তাঁর উত্তাল নিশিযাপনের। কিন্তু মাঠেও মাঝেমধ্যেই আলো ছড়াচ্ছিলেন। বিদ্যুচ্চমকের মতো দেখা মিলছিল বার্সার রোনালদিনহোর। মেনেজেস এর মধ্যে কয়েক ম্যাচে তাঁকে খেলিয়েওছিলেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে বসনিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সি পরেছিলেন ‘রোনি’। কাকাকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা মেনেজেস অবশ্য রোনালদিনহোর ব্যাপারে ভাবছেন অন্যভাবে। ব্রাজিল কোচের বক্তব্য, রোনালদিনহো যথেষ্ট সুযোগই পেয়েছেন। সময় আর বেশি নেই। এখন তাঁর জন্য শুধুই সামনে এগিয়ে চলা। পেছনে ফিরে তাকানোর অবকাশ নেই, ‘যখন আপনি অনেক খেলোয়াড়কে পরখ করে দেখার মতো জটিল একটা প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন, তখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই, তা হলে দেখা যাবে যেখানে শুরু করেছিলেন আবার সেখানেই ফিরে গেছেন।’কাকার পাশাপাশি সহস্রতম এই ম্যাচের দলে সুযোগ পেয়েছেন চেলসি-ত্রয়ী ডেভিড লুইজ, রামিরেস ও অস্কার। ‘সহস্রতম ম্যাচ’ কথাটা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। এই এক হাজারের মধ্যে ক্লাব ও অন্য সব দলের সঙ্গে ম্যাচও অন্তর্ভুক্ত কি না, সেটা পরিষ্কার নয়। মেনেজেস অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন বলে মনে হয় না। সহস্রতম ম্যাচটা আর্জেন্টিনার বিপক্ষে হলেই ভালো হতো কি না এ নিয়েও কিছু বলেননি। তবে রাদামেল ফ্যালকাওয়ের দল কলম্বিয়াকে যে যথেষ্ট সমীহ করছেন, সেটা বলতে ভোলেননি। রয়টার্স, ওয়েবসাইট।